'শিগগিরই পরমাণু যুদ্ধাস্ত্র পরীক্ষা করবে উ.কোরিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া শিগগিরই পরমাণু যুদ্ধাস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গতকাল মঙ্গলবার এ কথা জানিয়ে কিম বলেন, এই পরীক্ষা তাঁর দেশের পরমাণু আক্রমণের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এ বছরের শুরুতে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালানোর কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই একের পর এক হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া।
গবেষণাগারে একটি ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত পরীক্ষা পরিদর্শনের পর ওই ঘোষণা দেন কিম জং উন। তাঁর দেশ নতুন করে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে তা হবে জাতিসংঘের নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন। তবে দেশটির পরমাণু অস্ত্রের সক্ষমতা আছে বলে সবাই ধারণা করলেও এ অস্ত্র তারা আদৌ প্রয়োগ করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে বিশেষজ্ঞদের।
গত সপ্তাহেই কিম জং উন দাবি করেন, তাঁর দেশের বিজ্ঞানীরা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করার উপযোগী ছোট আকারের পরমাণু বোমা তৈরি করেছেন। এ খবরের সঙ্গে একটি গোলাকৃতির বস্তুর পাশে কিমের দাঁড়িয়ে থাকার ছবিও প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।