'শিনজো আবের দুঃখ প্রকাশ যথেষ্ট নয়'
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আগ্রাসী ভূমিকার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গভীর দুঃখ’ প্রকাশ করে যে বিবৃতি দিয়েছেন তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির পক্ষ থেকে গতকাল শনিবার বলা হয়, প্রধানমন্ত্রী আবে টোকিওর অতীত আগ্রাসনের ঘটনায় যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করেননি। খবর এএফপির।
এর আগের দিন বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের ভূমিকায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেন শিনজো আবে। জাপানি বাহিনীর আত্মসমর্পণের ৭০তম বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জাপানের এ অবস্থান জানান। তবে আবে এও বলেন, জাপানের ভবিষ্যৎ প্রজন্মকে এ নিয়ে আর দুঃখ প্রকাশ করতে হবে না।
আবের এই ‘গভীর দুঃখ’ প্রকাশ করাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তবে জাপানি আগ্রাসনের অন্যতম শিকার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক গিউন-হাই বলেছেন, আবে ‘দায়সারা গোছের’ দুঃখ প্রকাশ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হাজার হাজার এশীয় নারীকে জাপানি সেনাদের যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য করার ঘটনার ওপর জোর দিয়ে তিনি বলেন, টোকিওর উচিত দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করা।
জাপানের সম্রাট আকিহিতোও গতকাল ‘ভুল স্বীকার করে গভীর দুঃখ’ প্রকাশ করেছেন।
এদিকে গতকালও জাপানের তিনজন মন্ত্রীসহ অন্তত ৬০ জন রাজনীতিক টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। যুদ্ধে নিহত জাপানিদের প্রতি উৎসর্গ করা এই মন্দিরে কয়েকজন ‘যুদ্ধাপরাধীর’ সমাধিও রয়েছে। ইয়াসুকুনি মন্দিরে জাপানি নেতাদের শ্রদ্ধা নিবেদন বরাবরই চীন, কোরিয়াসহ প্রতিবেশীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে।