'শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে বাস্তুচ্যুতদের জমি ফেরত দিন'
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় বাস্তুচ্যুত হওয়া লোকজনের মধ্যে মালিকানার ভিত্তিতে দ্রুত জমি ফিরিয়ে দিতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসেইন।
এর পাশাপাশি শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সেনাবাহিনীর উপস্থিতি কমানোর আহ্বান জানান জাতিসংঘের এই কর্মকর্তা। শ্রীলঙ্কায় চার দিনের সফর শেষে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব আহ্বান জানান তিনি। খবর দ্য হিন্দুর।
মানবাধিকার কমিশনার জায়েদ রা’দ বলেন, ‘জাফনা ও ত্রিঙ্কোমালিতে কিছু জমি মালিকদের ফিরিয়ে দেওয়া হলেও অনেক জমি এখনো সেনাদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। সেগুলোও দ্রুত ফেরত দেওয়া দরকার।’ তিনি বলেন, এই দুই স্থানে সামরিক বাহিনীর উপস্থিতিও কমিয়ে এমন পর্যায়ে আনা যেতে পারে যেন, সেনাদের অনধিকার চর্চা ও স্থানীয় লোকজনের মধ্যে ভয়ভীতি হ্রাস পায়।
গৃহযুদ্ধকালে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার-প্রক্রিয়ায় বিদেশি বিচারকদের অংশগ্রহণের প্রস্তাবের ব্যাপারে শ্রীলঙ্কা সরকারের অবস্থান স্পষ্ট করা নিয়ে কোনো ঘাটতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, অভ্যন্তরীণ পন্থায় বিচার-প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের বিষয়টি সুপরিচিত। নিজ অগ্রাধিকারের সীমাবদ্ধতার মধ্যেই এই সরকার বিভিন্ন বিকল্প খুঁজে দেখছে।