'সম্পর্ক উন্নয়নের ভালো উদাহরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও তাঁর স্ত্রী জয়ন্তী সিরিসেনা গতকাল বুদ্ধগয়া শহরের মহাবোধি বৌদ্ধমন্দির পরিদর্শনে যান। এ সময় তাঁরা দুজন মিলে মন্দিরের বিশাল ঘণ্টাটি বাজান l ছবি: এএফপি
ভারত সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও তাঁর স্ত্রী জয়ন্তী সিরিসেনা গতকাল বুদ্ধগয়া শহরের মহাবোধি বৌদ্ধমন্দির পরিদর্শনে যান। এ সময় তাঁরা দুজন মিলে মন্দিরের বিশাল ঘণ্টাটি বাজান l ছবি: এএফপি

বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার নিয়ে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় চুক্তির কথা ঘোষণা করা হয়েছে গত সোমবার। সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে দুই দেশের মধ্যে ওই চুক্তি হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেশীর সঙ্গে এই চুক্তি করল ভারত। স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম এই চুক্তিসহ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।
সিরিসেনা গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম সফরে ভারতে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। সেই মতো আসেনও ভারতে। গত সোমবারের বেসামরিক পরমাণু চুক্তিটি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে এ ধরনের প্রথম চুক্তি। শ্রীলঙ্কার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আমলে দীর্ঘ সময় ধরে এ চুক্তিটি ঝুলে ছিল।
বিশ্বের কোনো দেশের সঙ্গে শ্রীলঙ্কার বেসামরিক পরমাণু চুক্তি নেই। এ চুক্তির পর মোদি বলেন, ‘বেসামরিক পরমাণু চুক্তি আমাদের পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতার একটি স্মারক।
হাফিংটন পোস্ট বলছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক উন্নয়নের এটি একটি ভালো উদাহরণ। এটি এমন সময়ে হলো, যখন শ্রীলঙ্কার চীনঘেঁষা নীতিতে ভারত উদ্বিগ্ন।
ভারতীয় পত্রিকার প্রশংসা: পরমাণু চুক্তিকে সিরিসেনার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছে ভারতের সংবাদপত্রগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘শ্রীলঙ্কার সঙ্গে বেসামরিক খাতে পরমাণু চুক্তি করে মোদি সিরিসেনাকে তাঁর চীন সফরের সময়ে কিছু একটি মনে রাখার ব্যবস্থা করলেন। এ চুক্তি দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাসযোগ্যতার নিদর্শন। আঞ্চলিক রাজনীতিতে এর কৌশলগত গুরুত্বও যথেষ্ট।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এমন সময় এসব চুক্তি স্বাক্ষর হলো যখন সামুদ্রিক ‘সিল্করোডসহ’ নানা প্রকল্প দিয়ে শ্রীলঙ্কার মন জয়ের চেষ্টা করছে চীন। ভারত ও শ্রীলঙ্কার মানুষের যোগাযোগ বাড়ানোর এ চেষ্টা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।’
টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন শ্রীলঙ্কার সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছিল। সিরিসেনা পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
সিরিসেনার ‘ভারতমুখী নীতিকে’ স্বাগত জানিয়েছে দ্য ট্রিবিউন। পত্রিকাটি বলছে, শ্রীলঙ্কার নতুন সরকারের সংশোধিত অগ্রাধিকার ভারতের সঙ্গে পরমাণু খাতে সহযোগিতা ও সামুদ্রিক বিষয়ে মালদ্বীপসহ ত্রিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয় এগিয়ে নিতে সহায়তা করেছে।
সূত্র: হাফিংটন পোস্ট এবং বিবিসি