'সম্প্রসারণবাদের পথে এগোবে না চীন'
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান নিজস্ব স্বার্থ সুরক্ষায় চীনের প্রয়োজন তার সামরিক সক্ষমতা বাড়ানো। নিজেদের তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী রণতরি সাগরে ভাসানোর পর এ কথাই বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি অঙ্গীকার করেন, চীন সম্প্রসারণবাদের পথে এগোবে না।
উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠায় বেইজিংয়ের চেষ্টায় প্রতিবেশীদের উদ্বেগ ও চীনের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উত্তেজনার মধ্যে বুধবার রণতরিটি উদ্বোধন করা হলো।
জার্মানি সফরকালে গতকাল বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাগরে নিজস্ব রণতরি ভাসানো প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, দেশের বাইরে যেভাবে চীনের ন্যায্য অধিকার বাড়ছে, তাতে নতুন পরিবেশে এর সুরক্ষায় বেইজিংয়ের নিজস্ব জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর যথেষ্ট কারণ রয়েছে। তবে চীন তার ‘প্রতিরক্ষামূলক’ সামরিক নীতি বজায় রেখে চলবে। দেশটির কোনো ধরনের সম্প্রসারণবাদী তৎপরতায় জড়িত হওয়ার ইচ্ছা নেই।