'সামরিক বাহিনীর প্রাধান্য বৃদ্ধির কৌশল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের নাগরিকেরা গতকাল রোববার সামরিক জান্তা রচিত নতুন সংবিধান নিয়ে গণভোটে অংশ নিয়েছেন। সংবিধানটি ভোটে গৃহীত হলে আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হবে। এই গণভোটের মাধ্যমে প্রথমবার প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার নেতৃত্বাধীন জান্তা সরকারের জনপ্রিয়তা যাচাই হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ২০১৪ সালে অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন শীর্ষ সেনা কর্মকর্তা প্রায়ুথ চান-ওচা। এরপর থেকে দেশে রাজনৈতিক কার্যক্রমের ওপর দমন নীতি আরোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই ছুড়ে ফেলেন পুরোনো সংবিধান।
নতুন এ সংবিধান গৃহীত হলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকারকেও সেনাবাহিনীর শর্ত অনুযায়ী দেশ চালাতে হবে। নতুন সংবিধানে এমন একটি নির্বাচনী ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে কোনো একক দলের পক্ষে পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন।
আর সবচেয়ে বিতর্কিত বিষয়টি হলো, ২৫০ আসনের সিনেটের সব সদস্য সামরিক সরকারই নিয়োগ দেবে। তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতার রাশ টেনে ধরে রাখবেন।
রাজনৈতিক নেতারা বলছেন, ভবিষ্যতে সামরিক জান্তার ক্ষমতার রাশ আরও শক্ত করাই নতুন সংবিধানের লক্ষ্য। তবে খসড়া সংবিধানের বিরুদ্ধে প্রচার-প্রচারণা নিষিদ্ধ করেছিল সরকার। প্রধানমন্ত্রী প্রায়ুথ জনগণকে গণভোটে অংশ নিতে আহ্বান জানিয়েছিলেন।
অভ্যুত্থানের আগের সংবিধান অনুযায়ী উচ্চকক্ষ সিনেটের অর্ধেকের কিছু বেশি আসনে সরাসরি নির্বাচন হতো। বাকি সদস্যরা নিয়োগ পেতেন।
থাইল্যান্ডে ১৯৩২ সালে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলোপের পর এবারের সংবিধানটি হবে ২০তম। এ কারণে অনেকেই মনে করেন, এটিও বেশি দিন চলবে না।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির একসময়ের ‘উদীয়মান বাঘ’ দেশটিতে এক দশক ধরে অস্থিতিশীলতা ও বিভেদ চলছে। এ জন্য ‘দুর্নীতিগ্রস্ত’ রাজনীতিকদেরই দায়ী করেছে বেশ কয়েকবার রাজনীতিতে হস্তক্ষেপ করা সেনাবাহিনী।
থাইল্যান্ডের বড় রাজনৈতিক দলগুলো নতুন সংবিধান প্রত্যাখ্যান করেছে। তবে গণভোটের আগে জনমত জরিপে দেখা যায়, নতুন সংবিধানের পক্ষে সামান্য ব্যবধানে বেশি ভোট পড়বে। তবে অনেক ভোটার গতকাল পর্যন্ত সিদ্ধান্ত নেননি, কোন পক্ষে ভোট দেবেন। গণভোটের প্রাথমিক ফলাফল গতকাল স্থানীয় সময় রাত আটটায় প্রকাশের কথা ছিল।
পুলিশের কর্মকর্তা মেজর জেনারেল পিয়াফান পিংমুয়াং গতকাল দুপুরে বলেছেন, ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ হচ্ছে। কোনো বিক্ষোভ বা রাজনৈতিক কর্মসূচি ছিল না। সবকিছু স্বাভাবিক ছিল। গণভোট উপলক্ষে দেশজুড়ে প্রায় দুই লাখ পুলিশ মোতায়েন করা হয়। পাঁচ কোটি ভোটার এই গণভোটে অংশ নেওয়ার যোগ্য। নির্বাচন কমিশন ভোটকেন্দ্রগুলোতে ৮০ শতাংশ উপস্থিতির আশা প্রকাশ করেছিল।
উত্তর-পূর্বাঞ্চলীয় চাইয়াফুম প্রদেশে গণভোটবিরোধী প্রচারপত্র বিলি করার অভিযোগে দুই ছাত্রকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের উপমহাসচিব বুনিয়াকিয়াত রাকচার্তচারোয়েন বলেন, ব্যালট পেপার ছিঁড়ে ফেলেছেন ২১ জন ভোটার। এ ছাড়া দুর্ঘটনায় কিছু ব্যালট পেপার নষ্ট হয়েছে।
জান্তা বলছে, দশকের বেশি সময় ধরে রাজনৈতিক বিভাজনে তৈরি হওয়া সংকট দূর করার লক্ষ্যেই নতুন সংবিধানটি তৈরি করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতায় নিহত হয়েছে বহু মানুষ। নতুন সংবিধান চালু হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত শুক্রবার বলেছে, থাই সামরিক জান্তা গণভোটের আগে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে হতাশাজনক আবহ তৈরি করেছে।