'সিংলিশ' নিয়ে সংশয়

আ বেং। লিম কোপি। বুয়ে তাহান।
শব্দগুলোর মানে বোঝা যাচ্ছে কি? বাংলাভাষীদের পক্ষে অন্তত কিছুদিন সিঙ্গাপুরে না থাকলে অবশ্য তা বোঝার কথাও নয়। হ্যাঁ, কথাগুলো সিঙ্গাপুরের মানুষের মুখের বুলি। আর জাতে ‘সিংলিশ’। সিঙ্গাপুরের অন্যতম প্রধান ভাষা ইংরেজির মধ্যে স্থানীয় নিজস্ব কিছু শব্দ মিলেই বিশেষ এই ভাষা।
‘আ বেং’-এর একটি অর্থ হচ্ছে কোনো খারাপ খবর পাওয়ার পর প্রকাশ করা অভিব্যক্তি। ‘লিম কোপি’ হচ্ছে ইংরেজি ‘টু হ্যাভ কফি’ (কফি পান করা) কথাটির সিংলিশ। আর ‘বুয়ে তাহান’ মানে অসহ্য। অন্যতম চীনা জাতিগোষ্ঠী হোক্কিয়েনদের শব্দ বুয়ে মানে পারি না আর মালয় তাহানের অর্থ সহ্য করা। দুয়ে মিলে ‘বুয়ে তাহান’। অতিসম্প্রতি অক্সফোর্ড অভিধান সারা বিশ্ব থেকে নতুন যে ২০০ শব্দকে ইংরেজি বলে গ্রহণ করেছে, ‘আ বেং’ তার একটি।
‘সিঙ্গাপুর’ শব্দের ‘সিং’-এর সঙ্গে ইংরেজি বা ‘ইংলিশ’ শব্দের ‘ইং’ মিলেই ‘সিংলিশ’। ছোট দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের ৬০ লাখ মানুষের বেশির ভাগই এ ভাষার শব্দ ব্যবহার করে। এর প্রবণতা দিন দিন বাড়ছে। কিন্তু খাঁটি ইংরেজি ভাষার ক্ষতি করছে—এই যুক্তিতে সিঙ্গাপুর সরকার এর বিরুদ্ধে।
সিঙ্গাপুরের আদি বাসিন্দা মালয়িরা। ১৮১৯ সালে যুক্তরাজ্য একটি বাণিজ্যকেন্দ্র করার পর সেখানে বসতি গড়ে চীনের বিভিন্ন জাতির মানুষ। ভারত ও শ্রীলঙ্কা থেকেও আসে অনেকে। এদের মধ্যে তামিলরাই বেশি। তখন থেকেই দ্বীপটিতে নানা জাতিগোষ্ঠীর মানুষের এক মিশ্র ভাষার জন্ম হয়। এর নাম ছিল বাজার মালায়া। একসময় অবস্থাসম্পন্ন পরিবারগুলো সন্তানদের ইংরেজি স্কুলে পাঠাতে শুরু করে। ‘সিংলিশের’ বীজ বপন হয় তখনই। ১৯৬০-এর দশকে স্কুলগুলোতে ‘ইংরেজি ও এর সঙ্গে মাতৃভাষা’ শেখানোর ব্যবস্থা হলো। এসব স্কুল হলো ‘সিংলিশের’ উৎসভূমি।
আজকের সিঙ্গাপুরের জনসংখ্যার ৭৫ শতাংশ চীনা বংশোদ্ভূত, ১৫ শতাংশ মালয়ি, প্রায় ৮ শতাংশ ভারতীয়। এ জনসংখ্যার অর্ধেকই এখন বাড়িতে ইংরেজি বা ‘সিংলিশ’-এ কথা বলে। অর্থাৎ সব জাতিগত গোষ্ঠীর মানুষের অভিন্ন মুখের ভাষা হয়ে গেছে এটি।
জনপ্রিয় হলেও এই সংকর ভাষা মোটেও পছন্দ নয় সিঙ্গাপুর সরকারের। ১৯৯৯ সালে সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রী সিংলিশ জনগোষ্ঠীর জন্য ক্ষতিকর বলে মত দেন। ২০০০ সালে সরকার রীতিমতো ‘স্পিক গুড ইংলিশ মুভমেন্ট’ নামে একটি কর্মসূচি শুরু করে। প্রধানমন্ত্রী গো চোক তং তখন বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভালো ইংরেজি বলতে পারলে কেন তারা সিংলিশ বলবে?’
তবে সিংলিশের জনপ্রিয়তা সরকারের সেই কঠোর অবস্থানকে সম্ভবত একটু নরম করেছে। ‘স্পিক গুড ইংলিশ মুভমেন্ট’-এর ওয়েবসাইটে বলা হচ্ছে, সিঙ্গাপুরের মানুষের সাংস্কৃতিক পরিচয়ের একটি মাধ্যম এই সিংলিশ। যারা শুধু সিংলিশে কথা বলে বা যারা সিংলিশকেই ইংলিশ (ইংরেজি) বলে মনে করে, তাদের প্রমিত ইংরেজি শেখানোর চেষ্টা করা হবে।
সিঙ্গাপুরের অনেকেরই মত, নানা সংস্কৃতির মানুষের শ্রমে-ঘামেই এই নগররাষ্ট্রের পত্তন হয়েছে। সেই সাংস্কৃতিক মিলনের বহিঃপ্রকাশ ‘সিংলিশ’। এখানকার মানুষের আচার-আচরণ, সংস্কৃতির ফসল এটি। এই ভাষাকে জাতীয় সাংস্কৃতিক সম্পদ বলেও মনে করেন কেউ কেউ।