'সিরিয়ায় সেনা পাঠানোর সাহস সৌদির নেই'
ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, সিরিয়ায় সেনা পাঠানোর সাহস সৌদি আরবের নেই। সৌদি আরব শেষ পর্যন্ত যদি সেনা পাঠায়ও তাহলে তারা নিশ্চিতভাবেই পরাজিত হবে। সৌদি আরব সিরিয়ায় সেনা পাঠানোর জন্য প্রস্তুত আছে বলে শুক্রবার ঘোষণা দেওয়ার পর গতকাল শনিবার ইরানের এলিট রেভল্যুশনারি গার্ডের প্রধান মোহাম্মাদ আলি জাফরি এ কথা বলেন।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিকে জাফরি বলেন, সিরিয়ায় সৌদি আরবের সেনা পাঠানো হবে আত্মহত্যারই নামান্তর। খবর রয়টার্সের
এদিকে, সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে সরকারি বাহিনী অভিযান জোরদার করেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে সহায়তা করতে রাশিয়া বিমান হামলা অব্যাহত রেখেছে। আলেপ্পো থেকে প্রাণভয়ে পালিয়ে আসা হাজার হাজার মানুষ তুরস্কের সীমান্তে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের জন্য বিভিন্ন পক্ষ থেকে মানবিক সহায়তা চাওয়া হয়েছে।
এ অবস্থায় বিদ্রোহীদের হাত শক্তিশালী করতে সেখানে সৌদি আরব ও তুরস্ক ‘সীমিতসংখ্যক’ স্থল সেনা পাঠাতে পারে বলে মনে করা হচ্ছে।