'সিরিয়াল কিলার দুতার্তেকে টেনে নামাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেইলা ডি লিমা
লেইলা ডি লিমা

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে একজন ‘মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার’ আখ্যায়িত করে তাঁকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে বলে মন্তব্য করেছেন তাঁর অন্যতম একজন সমালোচক সিনেটর। লেইলা ডি লিমা নামের ওই সিনেটর গতকাল মঙ্গলবার বলেন, তাঁর মুখ বন্ধ করার জন্য সরকার তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা করেছে।
লেইলা ডি লিমা এই বিস্ফোরক মন্তব্য করে আবার দেশটিতে ‘পিপল পাওয়ার রেভল্যুশন’-এর ডাক দেন। জনপ্রিয় এই গণ-অভ্যুত্থানের জেরেই তিন দশক আগে স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসের পতন হয়েছিল। প্রেসিডেন্ট দুতার্তের একজন সমালোচক হলেও এখন পর্যন্ত দুতার্তে ও তাঁর মাদকবিরোধী লড়াইয়ের বিরুদ্ধে লেইলা যেসব মন্তব্য করেছেন, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে কড়া। সাত মাস আগে দুতার্তে দেশের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত এই লড়াইয়ে কয়েক হাজার সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।
সমালোচক লেইলা গতকাল সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আর কোনো সংশয় নেই যে আমাদের প্রেসিডেন্ট একজন খুনি; মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার।’ তিনি দুতার্তের মন্ত্রিসভার সদস্যদের প্রতি তাঁকে নেতৃত্বদানের অযোগ্য বলে ঘোষণার এবং ফিলিপাইনের সাধারণ জনগণের প্রতি তাঁর শাসনের বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানান।
ডি লিমা বলেন, সংবিধান মন্ত্রিসভাকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করার ক্ষমতা দিয়েছে এই শর্তে যে নেতৃত্বদানে তিনি মানসিকভাবে অক্ষম। লিমা এই ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, যদি মন্ত্রিসভা তা না করে, তবে আপামর জনসাধারণের উচিত অভ্যুত্থান করা; যে রকম অভ্যুত্থানে ১৯৮৬ সালে অবসান ঘটেছিল মার্কোসের নিষ্ঠুর শাসনের। এখন আমাদের জন্য আরও একজন অপরাধী স্বৈরশাসক ও তাঁর দুষ্ট শাসনের বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়ানোর সেই সময় আবার এসেছে।
লেইলা প্রেসিডেন্ট দুতার্তেকে কমিক চরিত্র ব্যাটম্যানের শত্রু জোকারের সঙ্গেও তুলনা করেন। তিনি বলেন, দুতার্তে এমন একজন মানসিক বিকারগ্রস্ত খুনি, যিনি অন্য খলনায়কদের অপরাধ করতে উৎসাহ জোগাচ্ছেন।