'সোনার হরিণ' শান্তির সন্ধানে ৪৫ বছর
ফিলিস্তিনি অধ্যুষিত ভূখণ্ডে ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি এবং পরবর্তী সময়ে যুদ্ধে আরও আরব ভূখণ্ড দখলের মাধ্যমে সৃষ্টি হয়েছিল ফিলিস্তিন সমস্যা। ইসরায়েল প্রতিষ্ঠার ফলে বাস্তচ্যুত হয় লাখো ফিলিস্তিনি। অন্যরা হয় নিজভূমে পরবাসী।
১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা নিরসনে মূল শান্তি প্রস্তাবগুলোর কয়েকটি নিচে তুলে ধরা হলো:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ নম্বর প্রস্তাব: ১৯৬৭ সালের ২২ নভেম্বর ২৪২ নম্বর প্রস্তাব অনুমোদিত হয়। ওই প্রস্তাবে সাম্প্রতিক সংঘাতে দখলকৃত ভূমি থেকে ইসরায়েলের বাহিনী প্রত্যাহার এবং অঞ্চলের প্রতিটি দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার স্বীকৃতি ও তা মান্য করার আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবটি বাধ্যতামূলক নয়।
ক্যাম্প ডেভিড চুক্তি,১৯৭৮: মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে আলোচনায় বসেন মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন। এতে দুটি চুক্তি হয়। প্রথমটির নাম ‘মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রূপরেখা’। দ্বিতীয়টি মিসর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির রূপরেখা নিয়ে। ১৯৭৯ সালে ওই শান্তি চুক্তি হয়ও।
অসলো চুক্তি,১৯৯৩: অসলো চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও পিএলও প্রথমবারের মতো পরস্পরকে স্বীকৃতি দেয়। নরওয়ের মধ্যস্থতায় ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর এ চুক্তিটি হোয়াইট হাউস প্রাঙ্গণে স্বাক্ষরিত হয়। এর শর্ত ছিল, পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে এবং ‘ফিলিস্তিনি অন্তর্বর্তীকালীন স্বশাসন কর্তৃপক্ষ’ পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিন রাষ্ট্র।
আরব শান্তি উদ্যোগ, ২০০২: বৈরুতে ২০০২ সালের মার্চে সৌদি আরবের পক্ষ থেকে এক শান্তি প্রস্তাব উত্থাপন করা হয়। এর আহ্বান ছিল, ইসরায়েল ১৯৬৭ সালের জুনের সীমারেখা তুলে নেবে এবং পশ্চিম তীর ও গাজা নিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। বিনিময়ে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে।
ওয়াশিংটন, ২০১০: প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনা শুরুর ব্যাপারে উৎসাহিত করেন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যোগাযোগ ১৯ মাস পর ২০০৯ সালের মে মাসে আবার শুরু হয়। এর আগে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ ‘রোডম্যাপ ২০০৩’ হিসেবে পরিচিত একটি পরিকল্পনা নেয়। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল অন্যতম দিক। বিবিসি।