'হত্যার দায়ে' চার বছরের শিশুর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হত্যার দায়ে’ চার বছরের এক ছেলেশিশুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন মিসরের একটি আদালত। যখন এই হত্যাকাণ্ড ঘটে, তখন এই শিশুর বয়স ছিল এক বছর। গত মঙ্গলবার কায়রোর একটি আদালত এ রায় দেন। ইনডিপেনডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আহমেদ মনসুর কারমি নামের ওই শিশুর বিরুদ্ধে হত্যার চারটি, হত্যাচেষ্টার আটটি, সম্পদ নষ্টের একটি এবং সেনা ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আহমেদ হচ্ছে এসব ঘটনায় করা মামলার ১১৫ আসামির একজন। তাদেরও একই সাজা হয়েছে।


আহমেদের আইনজীবী ফয়সাল আল-সাইদ জেরুজালেম পোস্টকে বলেন, ভুলে এ মামলায় শিশুটির নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু আদালত আহমেদের জন্মসনদটি বিচারকের কাছে দেননি। তার জন্ম ২০১২ সালের সেপ্টেম্বরে।

ফয়সাল বলেন, ‘দেশটির নিরাপত্তা বাহিনী আসামিদের নামের তালিকায় আহমেদের নাম অন্তর্ভুক্ত করার পর তাদের কাছে শিশুদের জন্মসনদ দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে মামলাটি সামরিক আদালতে স্থানান্তরিত হয়। শিশুটির অনুপস্থিতেই আদালত শুনানি করে রায় ঘোষণা করেন। এতেই প্রমাণিত হয়, বিচারক মামলার নথি পড়ে দেখেননি।’

আরেকজন আইনজীবী বলেন, এর মধ্য দিয়ে বোঝা যায় মিসরে কোনো ন্যায়বিচার নেই। তিনি বলেন, ‘মিসরে বিচারের মাপকাঠি পাল্টানো যায় না। এখানে ন্যায়বিচার নেই। এখানে যুক্তি বলতে কিছু নেই। যুক্তির মৃত্যু হয়েছে অনেক আগেই। মিসর উন্মত্ত হয়ে গেছে। একদল উন্মত্ত শাসন করছে দেশটি।

মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে ক্ষমতায় আসেন সামরিক স্বৈরশাসক প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি।