'হামলার নেপথ্যে কে' জানে থাই পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে একাধিক বোমা হামলায় চারজনের প্রাণহানির পর অপরাধীদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। গতকাল রোববার পুলিশ জানিয়েছে, তারা জানে ‘হামলার নেপথ্যে কে’ রয়েছে।
পুলিশ বলেছে, সমুদ্র তীরবর্তী পর্যটন শহর হুয়া হিন শহরে চারটি বোমা বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আর নাখোন সি থাম্মারাত প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ডেপুটি পুলিশের মুখপাত্র পিয়াপান পিংমুয়াং গতকাল বলেন, ‘আমি আশ্বস্ত করছি যে এগুলো স্থানীয় অন্তর্ঘাতমূলক হামলা। থাইল্যান্ডে জঙ্গিবাদ নেই। আমাদের তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। আমরা জানি, কে এর পেছনে রয়েছে।’ কিন্তু এ বিষয়ে আর বিস্তারিত বলতে রাজি হননি তিনি। এ সময় তিনি আটক ব্যক্তিদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার কথা অস্বীকার করেন।
থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলের পাঁচ প্রদেশে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ১১টি ছোট ধরনের বিস্ফোরণ ও সন্দেহভাজন অগ্নিসংযোগের সিরিজ হামলায় চারজন নিহত হন। আহত হন ইউরোপীয় পর্যটকসহ কমপক্ষে ৩০ জন। এসব হামলার দায় গতকাল পর্যন্ত স্বীকার করেনি কেউ।