'৫০ তলা ভবন যেন আছড়ে পড়ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পের ধাক্কায় সৃষ্ট সেই ভয়ংকর তুষার ধস l এএফ​িপ
ভূমিকম্পের ধাক্কায় সৃষ্ট সেই ভয়ংকর তুষার ধস l এএফ​িপ

নেপালের গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পে এভারেস্টে তুষারধসে এযাবৎ ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এভারেস্টে প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত প্রাণহানির এটিই বড় ঘটনা। সেই তুষারধস থেকে বেঁচে যাওয়া কয়েকজন শুনিয়েছেন তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।
ভূমিকম্পের সময় এভারেস্টের বেস ক্যাম্পে থাকা পর্বতারোহীদের একজন জর্জ ফাউলশ্যাম। এই পর্বতারোহী বলছিলেন, ‘হিমালয় যেন আমাদের বার্তা দিচ্ছিল, পর্বতে চড়ার সময় এটা নয়।’
৩৮ বছর বয়সী সমুদ্র জীববিদ্যাবিশারদ ফাউলশ্যাম তুষারধসের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, ‘মনে হচ্ছিল যেন ৫০ তলা সাদা রঙের কোনো ভবন আমার ওপর আছড়ে পড়ছে। আমি দৌড়াচ্ছিলাম, আবার শুয়ে পড়ছিলাম। ওঠার চেষ্টা করে পড়ে গেলাম। নিশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল, মরে যাব।’
ফাউলশ্যাম বলেন, ‘শেষতক যখন মাটি থেকে উঠলাম, বিশ্বাস করতে পারিনি ওই তুষার পাহাড় আমার ওপর দিয়ে চলে গেছে, কিন্তু আমার কিছুই হয়নি।’
মার্কিন পর্বতারোহী ও হৃদ্রোগবিশেষজ্ঞ এলেন গালেন্ট সেই ভয়াবহ তুষারধসে আহত ব্যক্তিদের সাহায্য করতে গিয়ে একজনকে মারা যেতে দেখেন। সেই অভিজ্ঞতা বর্ণনা করে গালেন্ট বলেন, ‘আমি তাঁবুর বাইরে ছিলাম। দেখলাম মেঘের মতো বিশাল তুষারের পাহাড় আসছে। তা দেখেই আমি দৌড়ে তাঁবুর ভেতর ঢুকে মেঝেতে শুয়ে পড়ি।’
কম্পন বন্ধ হওয়ার পর বাইরে এসে চিকিৎসকদের তাঁবুতে যোগাযোগ করেন গালেন্ট। সারা রাত ধরে গালেন্ট এবং তাঁর সহকর্মীরা নয়জন আহত ব্যক্তির শুশ্রূষা করতে থাকেন।
ভোর ছয়টার দিকে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে আসে হেলিকপ্টার। বেঁচে যায় আটজন আহত ব্যক্তির জীবন।
একটি পর্যটন কোম্পানির পাচক কাঞ্চামান তামাং আরেক ভুক্তভোগী। ৪০ বছর বয়সী এই নেপালি বলছিলেন, ‘তুষার ধস শুরু হওয়ার সময় আমি খাবারের তাঁবুতে ছিলাম। ঝড়ে তাঁবুটি উড়ে গেল।’
মাত্র এক বছর আগে তুষারধসে প্রাণহানির ঘটনা দেখেছেন তামাং। তিনি বলেন, ‘গত বছরের ধসের পর আমি বেসক্যাম্পে আসতে ভয় পাইনি। পরিবারের সবাইকে বলেছি, বেসক্যাম্প নিরাপদ জায়গা।’ তবে শনিবারের ভয়াবহ অভিজ্ঞতার পর তামাং বলছেন, ‘আমি আগামী বছর আর আসব না। এই পর্বত অনেক কষ্ট দিয়েছে।’ সূত্র: এএফপি