'৮৮ প্রজন্ম'কে বাদ দিল এনএলডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আসন্ন নির্বাচনে আলোচিত ‘৮৮ প্রজন্ম’-এর ১৭ সদস্যের প্রার্থী হওয়ার আগ্রহ প্রত্যাখ্যান করেছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। জনপ্রিয় গোষ্ঠীটির মাত্র একজন সদস্যকে দলটির প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। খবর রয়টার্সের।
‘৮৮ প্রজন্ম’ মিয়ানমারের ১৯৮৮ সালের ছাত্রবিক্ষোভে নেতৃত্ব দেয়। দেশটির তখনকার সামরিক সরকার ওই বিক্ষোভ কঠোর হাতে দমন করে। ওই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়েই মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলন বেগবান হয়। এটি দেশটির স্বাধীনতার নায়ক প্রয়াত অং সানের মেয়ে গণতন্ত্রপন্থী নেত্রী সু চিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে।
কোনো কোনো বিশ্লেষকের মতে, ৮৮ প্রজন্ম-এর সদস্যদের বঞ্চিত করার সিদ্ধান্তটি নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তবে এনএলডির মুখপাত্র নিয়ন উইন এর সমর্থন করে বলেছেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায়ই প্রার্থী ঠিক করছে। এনএলডির প্রার্থী হতে আবেদন পড়েছে তিন হাজার। দলটি আগামী নভেম্বরের নির্বাচনে প্রার্থী দেবে ১ হাজার ৯০ জন।