ইন্টারনেট–সেবায় স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী বানাচ্ছে ইউরোপ
নিজস্ব উপগ্রহভিত্তিক ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়েছে ইউরোপ। এর অংশ হিসেবে ‘আইরিস-২’ নামের স্যাটেলাইটের বহর সম্প্রসারণের লক্ষ্যে একটি চুক্তি সই করেছে ইউরোপীয় কমিশন। এই চুক্তির আওতায় নতুন করে ৬৬টি কৃত্রিম উপগ্রহ যুক্ত হচ্ছে। ফলে মূল বহরে মোট কৃত্রিম উপগ্রহের সংখ্যা দাঁড়াবে ৩৪৮। এর মধ্য দিয়ে প্রকল্পটি পরিকল্পনা স্তর থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে এগোবে।
ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) সহায়তায় ৭ আগস্ট ‘স্পেসরাইজ’ কনসোর্টিয়ামের সঙ্গে বাস্তবায়নের এই চুক্তি সই করে ইউরোপীয় কমিশন।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকসহ অন্যান্য কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট–সেবার প্রতিদ্বন্দ্বী হিসেবে আইরিস-২ গড়ে তোলা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের সরকার, প্রতিরক্ষা ও সামরিক বাহিনী এবং জরুরি সেবা সংস্থার জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করবে। এই স্যাটেলাইটের বহরে মোট ৩৪৮টি উপগ্রহ থাকবে, যার মধ্যে ৩৩০টি থাকবে পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) ও ১৮টি মধ্য কক্ষপথে (এমইও)। এ ছাড়া নির্দিষ্ট কিছু মিশনের জন্য অতিরিক্ত কিছু সুবিধাও এতে যুক্ত থাকবে।
ইউরোপীয় ইউনিয়নের নতুন এই ফ্ল্যাগশিপ স্যাটেলাইট নেটওয়ার্কটি জরুরি অবস্থাসহ যেকোনো পরিস্থিতিতে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে সহায়তা করবে।