ইউক্রেন যুদ্ধে প্রাণ গেছে ৪ লাখের বেশি রুশ নাগরিকের: হ্যাকারদের ফাঁস করা নথিতে দাবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার সেনারা ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত চার লাখের বেশি রুশ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে সম্প্রতি ফাঁস হওয়া এক নথি থেকে জানা গেছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের নথিপত্র ঘেঁটে এ তথ্য পাওয়ার দাবি করেছে দুটি হ্যাকার গোষ্ঠী।

ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে যুদ্ধের সরাসরি যোগসূত্র রয়েছে। এসব সনদে মৃত্যুর কারণ হিসেবে সরকারি ‘কোড’ অথবা সরাসরি সামরিক অভিযানের কথা উল্লেখ রয়েছে।

বেলারুশের বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিসানস’ এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী ‘সাইলেন্ট ক্রো’ এই তথ্য সংগ্রহ করেছে। তাদের সংগ্রহ করা নথিতে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ রয়েছে। এতে মৃত ব্যক্তিদের বয়স, বসবাসের স্থান ও মৃত্যুর স্থানসংক্রান্ত তথ্য রয়েছে।

বেলারুশের বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিসানস’ এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী ‘সাইলেন্ট ক্রো’ এই তথ্য সংগ্রহ করেছে।

দুই হ্যাকার গোষ্ঠী ১ নভেম্বর তথ্যভান্ডারে অনুপ্রবেশের কথা জানায় এবং গত সপ্তাহান্তে তথ্যগুলো প্রকাশ করেছে। এদিকে রসস্ট্যাট তাদের সিস্টেমে অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য ফাঁসের কথা অস্বীকার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান পুরো তথ্যভান্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে এই পরিসংখ্যান রাশিয়ার প্রাণহানির অন্যান্য হিসাবের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে একে রুশ হতাহতের তথ্যসংক্রান্ত এযাবৎকালের সবচেয়ে বড় তথ্য ফাঁস বলে উল্লেখ করেছেন।

ক্লুগের মতে, মৃত্যুর ঘটনা ঘটার পর তা সরকারি নথিতে অন্তর্ভুক্ত হতে সাধারণত প্রায় ছয় মাস সময় লাগে। এই বিলম্বের কারণে বর্তমানে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা চার লাখের বদলে পাঁচ লাখের কাছাকাছি হতে পারে বলে মনে করেন তিনি।

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, যুদ্ধের প্রাণহানি রাশিয়ার সব অঞ্চলে সমান ছিল না। তুলনামূলক দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোয় প্রাণহানির হার বেশি। পূর্ব রাশিয়ার বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি ক্রাই—এই তিন অঞ্চলে আগ্রাসন শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষের মোট মৃত্যুর প্রায় এক–তৃতীয়াংশ ছিল যুদ্ধ–সম্পর্কিত।

অন্যদিকে রাজধানী মস্কো ও সেন্ট পিটার্সবার্গে একই বয়সী পুরুষদের মৃত্যুর মধ্যে যুদ্ধ-সম্পর্কিত মৃত্যুর হার ছিল মাত্র প্রায় ১০ শতাংশ।

রাশিয়ার ট্যাংক বহর
ফাইল ছবি রয়টার্স

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যাও দ্রুত বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের শেষ দিক ও ২০২৫ সালে প্রাণহানির মাত্রা ছিল সবচেয়ে বেশি।

বিশ্লেষক ইয়ানিস ক্লুগে জানান, ওই সময় কয়েক মাসে নিহত সেনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়। অর্থাৎ দিনে গড়ে ৫০০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। ক্লুগের ভাষায়, এই সংখ্যা সত্যিই বিস্ময়কর।

রাশিয়ার আধুনিক ইতিহাসে ইউক্রেন যুদ্ধে দেশটির এই প্রাণহানির মাত্রা নজিরবিহীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর আগপর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া যত যুদ্ধে জড়িয়েছে, সেসব যুদ্ধে নিহতের সম্মিলিত সংখ্যার আট গুণের বেশি মানুষ ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই পরিসংখ্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে ৯ মাস পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা।