নাচতে নাচতে শিশুকে ‘চড়’ মারল রোবট

চীনের প্রযুক্তি কোম্পানি ইউনিট্রি রোবোটিক জি১ নামের এ রোবট তৈরি করেছে বলে ধারণা করা হয়ছবি: এক্স অ্যাকাউন্ট থেকে

চীনের শানসিতে একটি রোবট বেশ ঘুরে ঘুরে নাচছিল। দর্শকেরা গোল হয়ে ঘিরে ধরে সেটির নাচ দেখছিলেন, আনন্দে হাসছিলেন, হাততালি দিচ্ছিলেন, কেউ কেউ মুঠোফোনে ছবি–ভিডিও করছিলেন। দর্শকদের সারিতে বড়দের পাশাপাশি শিশুরাও ছিল।

হঠাৎ রোবটটি নাচতে নাচতে দর্শকদের খুব কাছে চলে যায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই একটি শিশুর গালে চড় মারার মতো করে সেটির হাত লেগে যায়।

রোবটটি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা দ্রুত রোবটটিকে সেখান থেকে সরিয়ে নেন। যে শিশুর মুখে চড় লেগেছে, সে খুব একটা ব্যথা পেয়েছে বলে মনে হয়নি। ভিডিওতে শিশুটিকে মুখে হাত দিয়ে হাসতে দেখা যায়। আশপাশের দর্শকেরাও রোবটের কাণ্ড দেখে হেসে ওঠেন।

এ ঘটনা ঘটেছে ২১ মার্চ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ইউনিট্রি জি১ মানবাকৃতির রোবট হাত–পা ছুড়ে, ঘুরে ঘুরে নাচছে। অনেকটা ব্যালে নাচের ভঙ্গিতে।

চড় মারার পর রোবটটিকে সরিয়ে নিলেও সেটির নাচ কিন্তু বন্ধ হয়নি, দর্শকেরাও তা উপভোগ করছিলেন।

চীনের প্রযুক্তি কোম্পানি ইউনিট্রি রোবোটিকস জি১ নামের রোবটটি তৈরি করেছে বলে ধারণা করা হয়। এটির ওজন প্রায় ৩৫ কেজি, দাম প্রায় সাড়ে ১৩ হাজার ডলার।

গবেষণার কাজে, শিক্ষা খাতে ও বাণিজ্যিক লক্ষ্যে এসব রোবটের নকশা করা হয়েছে। নিজের জয়েন্টগুলো ২৩ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে সেটি নড়াচড়া করতে পারে।

এ রোবট কাণ্ডের ভিডিও অনলাইনে পোস্ট করার পর অনেকে নানা ধরনের মন্তব্য করেন। একজন লিখেছেন, কী বিপজ্জনক পারফরম্যান্স!

আরেকজন লিখেছেন, শিশুটি বুঝতে পেরেছিল যে সেটি (রোবটটি) আসছে, কিন্তু সরে যেতে পারেনি। তৃতীয় একজন মন্তব্য করেন, ধাতব বস্তুর আঘাত সত্যিই বেদনাদায়ক।

কেউ কেউ জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।