যৌন হয়রানির জন্য দায়ী মেয়েদের ‘ফ্লার্ট করা’, বলল চীনের স্কুল

যৌন হয়রানি
প্রতীকী ছবি

চীনের একটি মাধ্যমিক স্কুলে যৌন হয়রানির ওপর কর্মশালা হয়েছে। এ কর্মশালায় যৌন হয়রানির জন্য দোষারোপ করা হয়েছে যিনি হয়রানির শিকার হয়েছেন তাঁকেই। এ নিয়ে অনলাইনে শুরু হয়েছে বিতর্ক।

চীনের গুয়াংডং প্রদেশের ঝাওকিং এলাকায় স্কুলটি অবস্থিত। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা পিপলস ডেইলির বরাতে এনডিটিভির খবরে জানানো হয়, ওই স্কুলে মানসিক স্বাস্থ্য শিক্ষার ওপর কর্মশালাটি অনুষ্ঠিত হয়। তাতে বিভিন্ন ছবি দেখানো হয়। আর এর মাধ্যমে বিতর্কিত একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। সেটি হলো, আকর্ষণীয় পোশাক ও ফ্লার্ট করার (চটুলতা) কারণেই নারী যৌন হয়রানির শিকার হন।

কর্মশালায় মূল যে বিষয় তুলে ধরা হয়, সেটি হলো যৌন হয়রানির কারণ মূলত যৌন আকাঙ্ক্ষা। আকর্ষণীয় পোশাক ও চটুলতার কারণে নারী যৌন হয়রানির শিকার হন। এতে নারীদের স্বচ্ছ ও ছোট পোশাক পরতে নিষেধ করা হয়। তাঁদের ফ্লার্ট না করতে বলা হয়।

ওই কর্মশালায় বিতর্কিত কিছু শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়। এই মাসে এগুলো জনসমক্ষে আসে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। অনেকেই বিস্ময় প্রকাশ করেন। রক্ষণশীল মনোভাব ও পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে এ ধরনের কর্মশালা হয়েছে, বলেছেন সমালোচকেরা।

এসব সমালোচনার মুখে গত সপ্তাহে স্থানীয় কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, কর্মশালার বিষয়বস্তু থেকে মানুষের মধ্যে ভুল–বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। ওই কর্মশালায় যা শেখানো হয়েছে, তা ভুল বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ভুল–বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।

চীনের শিক্ষাবিষয়ক ব্যুরো এ ঘটনার নিন্দা জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষকে সংশোধনমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা পুরো বিষয়বস্তু পর্যালোচনার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে শিক্ষা প্রশাসন বিস্তৃত করা, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ ও শিক্ষামূলক উদ্যোগের মানোন্নয়নের ওপর জোর দিয়েছে।