বিয়ে মানেই উৎসবের আমেজ। এ উৎসবকে বৈচিত্র্যময় করে তুলতে চেষ্টার কমতি থাকে না। তবে চীনের এক কনে যা করেছেন, তা একটু বেশিই ব্যতিক্রম। নিজের বিয়ের ভোজে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, উপস্থিত সাবেকদের একই টেবিলে ভোজের ব্যবস্থা করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারি, চীনের হুবেই প্রদেশে। ওই বিয়ের ভোজ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অনুষ্ঠানে একটি টেবিলে অন্তত পাঁচজন তরুণ বসে আছেন। ওই টেবিলের ওপর রাখা একটি কার্ডে লেখা ‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’।
ভিডিওতে দেখা যায়, সাবেক প্রেমিকার বিয়ের ভোজ অনুষ্ঠানে বেশ শান্তশিষ্টই ছিলেন ওই তরুণেরা। তবে চারপাশের উৎসবমুখর পরিবেশের সঙ্গে যেন খাপ খাইয়ে নিতে পারছিলেন না। তাঁরা যে অস্বস্তিতে ভুগছেন, তা তাঁদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল।
এদিকে ওই পাঁচ তরুণের সঙ্গে টেবিলে বসে ছিলেন দুই নারীও। অনেকে বলছেন, তাঁরা ছিলেন ওই তরুণদের দুজনের বর্তমান সঙ্গী।
বিচিত্র এ ঘটনায় বেশ অবাক ইন্টারনেট ব্যবহারকারীরা। একজন মন্তব্য করেছেন, ‘নিজের বিয়েতে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ জানানো বেশ সাহসিকতার কাজ।
একইভাবে প্রেমিকেরাও বিয়েতে উপস্থিত থেকে সাহস দেখিয়েছেন।’ আরেকজন মজা করে বলেছেন, ‘কনের সাবেক প্রেমিকদের দেখে বরের চেহারা কেমন হয়েছে, তা আমি এখান থেকেই বুঝতে পারছি।’
অনেকেই কনের এ কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এর মাধ্যমে বর ও তাঁর পরিবারকে অসম্মান করা হয়েছে। কেউ আবার বলেছেন, ‘বরের মন আসলেই অনেক বড়।’
তবে চীনে কিন্তু এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে দেশটির গুয়াংডং প্রদেশে একটি বিয়েতে একই ঘটনা ঘটেছিল। গত বছরের জুনে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাবেক প্রেমিকদের জন্য সাজানো একটি টেবিলে বসে আছেন নয়জন তরুণ। এমনকি ওই তরুণেরা তাঁদের সাবেক প্রেমিকাকে বিয়ের শুভকামনাও জানিয়েছিলেন।