৩৫ বছর পর পরিবারের খোঁজ

দীর্ঘ ৩৫ বছর পর মাকে দেখে জড়িয়ে ধরেন দুই বছর বয়সে হারিয়ে যাওয়া ঝং ফেংলিনছবি: সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে

৩৫ বছর আগে চীনের এক ব্যস্ত বাজার থেকে হারিয়ে গিয়েছিলেন ঝং ফেংলিন। অবশেষে তিনি তাঁর জন্মদাত্রী মায়ের কাছে ফিরেছেন। ৭ জুলাই গুয়াংজি প্রদেশের ইউলিনে দীর্ঘ সাড়ে তিন দশক পর তাঁদের এই আবেগঘন পুনর্মিলন ঘটে।

১৯৯১ সালে ন্যানিংয়ের একটি বাজারে ঝং-এর মা-বাবা আদা ও রসুন বিক্রি করতেন। একদিন বাবার দোকানের সামনে থেকে খাবার কিনতে গিয়ে পথ হারিয়ে পাশের বাজারে চলে গিয়ে নিখোঁজ হন দুই বছরের শিশু ঝং।

সেখানে এক পোশাক বিক্রেতা শিশু ঝংকে কাঁদতে দেখে উদ্ধার করে বাজারের মাইকে ঘোষণা দিলেও তখন কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। পরে ওই বিক্রেতা ঝংকে অন্য শহরে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো বড় করেন। বর্তমানে ৩৭ বছর বয়সী ঝং বিবাহিত এবং এক কন্যাসন্তানের জননী।

ঝং-এর আসল মা-বাবা কয়েক দশক ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজেছেন। বড় বোনকে খুঁজে পেতে তাঁর ছোট বোন ‘বেবি কাম হোম’ নামে একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মে বড় বোনের সব তথ্য ও ছবি নিবন্ধন করেন। এই খোঁজাখুঁজির মধ্যেই ২০২৪ সালে ঝং-এর বাবা মারা যান।

মৃত্যুর আগমুহূর্তেও ঝং–এর বাবা ছোট মেয়ের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর বড় বোনকে খুঁজে পাওয়া গেছে কি না। শৈশবে মুখে থাকা ক্ষতচিহ্নের কারণে ঝং আগে ভেবেছিলেন, তাঁর পরিবার তাঁকে স্বেচ্ছায় ত্যাগ করেছে। তবে স্বেচ্ছাসেবী সংগঠনের আশ্বাসে তিনি আবার নিজের তথ্য প্রকাশ করেন।

গত ১২ এপ্রিল ঝং ওই প্ল্যাটফর্মে নিবন্ধন করার পর তাঁর বোনের দেওয়া তথ্যের সঙ্গে মিল পাওয়া যায়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পারিবারিক সম্পর্কও নিশ্চিত হয়।