শিশুকে বাঁচাতে নারীর অবিশ্বাস্য লাফ
পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলাপরত। পাশেই বেবি স্ট্রলারে রাখা ছোট্ট শিশুটি নিজের মতো করে হাঁটছে। কিন্তু হঠাৎ করেই স্ট্রলার থেকে উল্টে ছিটকে পড়ে যাচ্ছিল শিশুটি। ঠিক সেই মুহূর্তে এক নারী তড়িৎ গতিতে ছুটে যান। পাকা মেঝেতে পড়ে যাওয়ার আগেই লাফিয়ে পড়ে দুই হাত পেতে দিয়ে শিশুটি ধরে ফেলেন।
এমন অবিশ্বাস্য লাফে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় শিশুটি। ওই নারীর মরিয়া এই প্রচেষ্টার দৃশ্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। এরপর থেকেই ওই নারী সবার প্রশংসায় ভাসছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশের রাজধানী ও প্রদেশের সবচেয়ে বড় শহর চাংশায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, এক নারী গাড়ি রাখার পাশেই ফাঁকা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি সম্ভবত শিশুটির খালা কিংবা ফুফু। এ সময় হঠাৎ শিশুটিকে স্ট্রলার থেকে পড়ে যেতে দেখেন।
এ অবস্থায় ওই নারী তড়িৎ গতিতে শিশুটির দিকে ছুটে গিয়ে লাফ দিয়ে মেঝেতে শুয়ে পড়ে দুই হাত বাড়িয়ে দেন। পাকা মেঝেতে পড়ার আগেই শিশুটিকে বাহুতে জড়িয়ে পাশ ফিরে যান। তাঁর এমন অবিশ্বাস্য চেষ্টায় শিশুটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়।
এই দৃশ্য দেখে পরিবারের বাকি সদস্যরা ছুটে এসে শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় ওই নারীকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে আরেকজন এসে তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। এ সময় বাকিরা শিশুটি ঠিক আছে কি না তা নিশ্চিত হন।