অভিনব কায়দায় সমাবর্তন উদ্‌যাপন চীনা ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবর্তন উদ্‌যাপনে চেন ইয়িং বিশেষ ধরনের শারীরিক কসরত করেন
ছবি: ভিডিও থেকে নেওয়া

সমাবর্তন যেকোনো শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রত্যেক শিক্ষার্থীই নিজস্ব ঢংয়ে সমাবর্তন উদ্‌যাপন করে। এক চীনা ছাত্রীর অভিনব কায়দায় সমাবর্তন উদ্‌যাপনের ভিডিও অনলাইনে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। এই ভিডিও দেখে মুগ্ধ লোকজন নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

২৪ বছর বয়সী এই চীনা ছাত্রীর নাম চেন ইয়িং। তাঁর বাড়ি বেইজিংয়ে। যুক্তরাজ্যের রোহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়। এই সমাবর্তনে তিনি অংশ নেন।

সমাবর্তন উদ্‌যাপনে চেন বিশেষ ধরনের শারীরিক কসরত (সাইড ফ্লিপ) করেন। তিনি লাফিয়ে উঠে শূন্যে থাকা অবস্থায় পুরো শরীর একবার ঘুরিয়ে আনেন। তাঁর এই কসরতের ভিডিও অনলাইনে লাখো মানুষ দেখেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, চেন জানিয়েছেন, তিনি সমাবর্তনে অংশ নেওয়ার উত্তেজনা থেকেই কসরতটি করেছিলেন। তাঁর কসরত দেখে লোকজন যে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাতে তিনি অভিভূত।

বিভিন্ন লোকজন অনলাইনে চেনের কসরতের প্রশংসা করছেন। একজন লিখেছেন, চেন দারুণ স্টাইল ও ক্যারিশমা দেখিয়েছেন। তিনি যে তারুণ্যের চেতনায় পরিপূর্ণ, তারই প্রতিফলন এই কসরত।