এক দশকে তিনবার নাম বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বিশেষ প্রয়োজনে কেউ নিজের নাম বদলাতেই পারেন। তবে মূল্যছাড় পেতে যদি নামে পরিবর্তন আনা হয়, তাহলে অবাক হবে না কে? হংকংয়ের এক নারী এমনই কাণ্ড ঘটিয়েছেন। তবে শুধু মূল্যছাড় নয়, বিচিত্র সব কারণে তিনবার নিজের নাম বদলেছেন তিনি। তা-ও মাত্র ১০ বছরের মধ্যে।

নাম বদলের ঘটনাটি সামনে এনেছেন ওই নারীর এক বন্ধু। ‘ডিসকাস এইচকে’ নামে অনলাইনে আড্ডা দেওয়ার একটি প্ল্যাটফর্মে এ নিয়ে নিজের ক্ষোভের কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘আমার বান্ধবী এত ঘন ঘন নাম পরিবর্তন করেন যে আমি বুঝতে পারি না, আসলে কোন নামে তাঁকে ডাকব।’ তবে নিজের কিংবা ওই নারীর নাম প্রকাশ করেননি তিনি। ওই ব্যক্তি বলেন, তাঁদের বহু দিনের বন্ধুত্ব।

এর মধ্যে গত ১০ বছরে ওই নারী তিনবার পরিচয়পত্রে নাম বদলেছেন। প্রথমবারের ঘটনাটা বেশ বিচিত্র। সেবার ওই নারী দেখতে পান, যেসব ক্রেতার নামে বিশেষ কিছু অক্ষর আছে, তাঁদের কাছে মূল্যছাড়ে পণ্য বিক্রি করছে বেশ কয়েকটি দোকান। ওই ছাড় পেতে নিজের নামে বদল আনেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর কপালে ছাড়ের সুযোগ জোটেনি।

দ্বিতীয়বার নাম পরিবর্তনের ঘটনা ঘটেছিল ওই নারীর সঙ্গে তাঁর প্রেমিকের বিচ্ছেদের পর। তিনি নাকি ভেবেছিলেন, এতে বিচ্ছেদের কষ্ট ভুলতে পারবেন তিনি। আর সাবেকের স্মৃতিগুলোও মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন।

পরে সম্প্রতি ওই ব্যক্তি জানতে পারেন, তাঁর বান্ধবী আবার নাম পরিবর্তন করেছেন। এবার নিজের ভাগ্য বদলের জন্য। কেউ নাকি তাঁকে বলেছেন, নতুন নাম নাকি তাঁর জীবনে সৌভাগ্য বয়ে আনবে।

এদিকে ডিসকাস এইচকে নামের ওই অনলাইন প্ল্যাটফর্মে নাম বদল নিয়ে পোস্টের পর সেখানে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই এই কাণ্ডকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন। অনেকেই আবার মজা করতে ভোলেননি। যেমন ওই নারীকে সম্বোধন করা নিয়ে বিপত্তির সমাধান দিয়ে একজন বলেছেন, ‘পরের বার আপনার সঙ্গে যখন দেখা হবে, তাঁকে ডাকতে শুধু বলবেন, “এই যে।”’