এবার যুক্তরাষ্ট্র-চীনের টক্কর মেরুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ঘাঁটি
ছবি : রয়টার্স

ওয়াশিংটন, বেইজিং কিংবা তাইওয়ান থেকে হাজার হাজার মাইল দূরে বিশ্বের শীতলতম স্থানে চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। চীনের পক্ষ থেকে অ্যান্টার্কটিকা মহাদেশে তাদের পঞ্চম ঘাঁটি তৈরির কাজ আবার শুরু হয়েছে। ২০১৮ সালের পর চীনের পক্ষ থেকে নতুন করে আবার ঘাঁটি তৈরির কাজ শুরু হয়েছে। এ কাজে তাদের অগ্রগতিও ব্যাপক। সাম্প্রতিক এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। অ্যান্টার্কটিকা মহাদেশে যুক্তরাষ্ট্রেরও গবেষণাকেন্দ্র রয়েছে। সেখানে তিন বছর করে গিয়ে থাকেন বিজ্ঞানীরা। সেখানে নানা গবেষণা করেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, চীন অ্যান্টার্কটিকায় যে নতুন ঘাঁটি তৈরি করছে, তাতে ওই এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা জোরদার করতে তারা এটি ব্যবহার করতে পারে। ওই মহাদেশে চীন এক দশকের মধ্যে তাদের কার্যক্রমের যে ব্যাপক সম্প্রসারণ করেছে, তা বিবেচনায় নতুন ঘাঁটি যে গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজে লাগাবে, তা ধারণা করা যায়।

সিএসআইএসের প্রকাশিত ওই প্রতিবেদনে নাম ‘ফ্রোজেন ফ্রন্টায়ার্স’। ওই প্রতিবেদনে আর্কটিক অঞ্চলেও (উত্তর মেরু) চীনের পদক্ষেপের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর গবেষণাকেন্দ্র রয়েছে। এসব গবেষণাকেন্দ্র কেবল বৈজ্ঞানিক কাজের জন্যই ব্যবহার করে হয়ে থাকে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। কিন্তু চীন যেভাবে দ্রুতগতিতে মেরু অঞ্চলে তাদের কার্যক্রমের সম্প্রসারণ করছে, তাকে সন্দেহের চোখে দেখছে পশ্চিমারা। তাদের চোখে বিশ্বজুড়ে চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

চীনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, অ্যান্টার্কটিকা ও আর্কটিক অঞ্চলে তারা যেসব গবেষণাকেন্দ্র গড়ছে, তা কেবল বৈজ্ঞানিক কার্যক্রমের লক্ষ্যেই গড়া হচ্ছে।
লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং বলেন, চীন যদি বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে উদীয়মান পরাশক্তি হিসেবে নিজেকে দেখতে চায়, তাহলে কেন তারা এ পথে হাঁটবে না? তারা কেন ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি জানান দেবে না? অ্যান্টার্কটিকা কেন আলাদা হবে?’

যুক্তরাষ্ট্রের কলোরাডোভিত্তিক ম্যাক্সার টেকনোলজিসের কৃত্রিম উপগ্রহের তোলা জানুয়ারি মাসের ছবি বিশ্লেষণ করেছে সিএসআইএস। তাতে দেখা গেছে, নিউজিল্যান্ড থেকে দুই হাজার মাইল দক্ষিণে ইনএক্সপ্রেসিবল দ্বীপে নতুন ঘাঁটিতে অবকাঠামো তৈরির কাজ চলছে। অ্যান্টার্কটিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি ম্যাকমার্ডো স্টেশন থেকে এটি ২০০ মাইল দূরে অবস্থিত।

ওই অঞ্চলে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ রেখেছিল চীন। সেখানে এখন নানা রকম অবকাঠামো তৈরি হচ্ছে। বড় অবকাঠামো তৈরির জন্য অনেক কাজ সম্পন্ন হয়েছে। এ ঘাঁটি সম্পন্ন হয়ে পাঁচ হাজার বর্গমিটার ওই এলাকায় বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্র, পর্যবেক্ষণ অঞ্চল, জ্বালানি সুবিধাসহ অন্য ভবন তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মতো চীন তার অ্যান্টার্কটিক কার্যকলাপকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ রাখতে চুক্তিবদ্ধ। তবে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরও সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালানোর অনুমতি দেওয়া হয়। তবে সিএসআইএস বেইজিংয়ের নতুন ঘাঁটিতে একটি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন থাকার কথা বলেছে, যাতে দ্বৈত ব্যবহারের সুবিধা থাকবে। এটিকে চাইলে গবেষণা ও সামরিক গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করা যাবে।

সিএসআইএস বলছে, গ্রাউন্ড স্টেশনটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মার্কিন মিত্রদের দ্বারা উৎক্ষেপিত রকেট থেকে সংকেত গ্রহণ করে নানা বুদ্ধিমত্তা এবং তথ্য সংগ্রহ করতে ও তা ব্যবহার করতে পারবে। তবে চীনের দাবি, গবেষণাই তাদের লক্ষ্য।

চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং গত জানুয়ারি মাসে বলেছিলেন, চীন গভীর সমুদ্র এবং মেরু অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ছাড়া গভীর সমুদ্র এবং মেরু অঞ্চল বোঝার, সুরক্ষা এবং ব্যবহার করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে।

তবে দেশটির সামরিক বাহিনী–সমর্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি ২০২০ সালের একটি টেক্সটবুকে বলেছিল, মেরু অঞ্চলে বেসামরিক ও সামরিক সুবিধার মিশ্রণ ঘটালে সবচেয়ে বেশি শক্তি অর্জন করা সম্ভব। গত বছরের প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদন অনুসারে, অ্যান্টার্কটিকার জন্য চীনের কৌশল আংশিকভাবে এই দ্বৈত ব্যবহারের প্রযুক্তিভিত্তিক। এ সুবিধা দৃশ্যত বৈজ্ঞানিক, কিন্তু দেশের সামরিক সক্ষমতাকেও উন্নত করবে।

৫০–এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী তাদের অ্যান্টার্কটিক প্রোগ্রাম এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনকে লজিস্টিক সহায়তা প্রদান করে ‘অপারেশন ডিপ ফ্রিজে’ অংশগ্রহণ করেছে। সিএসআইএসের মতে, যুক্তরাষ্ট্র এখনো অ্যান্টার্কটিকায় তাদের যে কার্যক্রম চালাচ্ছে, তার বড় অংশ গবেষণাভিত্তিক। কিন্তু চীনও পিছিয়ে থাকতে চাইছে না। তাদের কার্যক্রমও দ্রুত বাড়ছে।