বেতন কম বলে অফিসে পাঁচ ঘণ্টা ঘুমান তিনি
বেতন নিয়ে অখুশি এক চীনা তরুণী নিয়োগকর্তাকে শিক্ষা দিতে অফিসে ঢুকে পাঁচ ঘণ্টা ঘুমিয়ে কাটান। এটা দেখে ক্ষুব্ধ নিয়োগকর্তা তাঁকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন বলে দাবি তাঁর।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ওই তরুণীকে কাঁদতে কাঁদতে তাঁর নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই তরুণীর পরিচয় জানা যায়নি। ভিডিওতে তিনি নিয়োগকর্তার বিরুদ্ধে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার এবং খুবই কম বেতন দেওয়ার অভিযোগ করেন।
হেনান প্রদেশের শাংচিউতে একটি প্রতিষ্ঠানে কাজ করেন ওই তরুণী। ভিডিওতে তিনি তাঁর নিয়োগকর্তা বা তাঁর কাজের ধরন নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি।
তরুণী বলেন, ‘আমি যাব না। যেমন গুড় তেমন মিষ্টি—আমি তাঁকে এটা বুঝিয়েই ছাড়ব।’
সম্প্রতি ওই তরুণীর নিয়োগকর্তা আবিষ্কার করেন, ওই তরুণী কাজের সময় অফিসে চার–পাঁচ ঘণ্টা ঘুমিয়ে কাটান। এমনকি তরুণী তাঁর টেবিল থেকে চকলেটও চুরি করেন।
তরুণীর চকলেট চুরির কারণে একদিন তাঁর নিয়োগকর্তা প্রায় মরতে বসেছিলেন। নিয়োগকর্তার গ্লুকোপেনিয়া আছে। এই রোগে রক্তে গ্লুকোজের পরিমাণ মারাত্মক পর্যায়ে কমে যায়। সময়মতো রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে না পারলে অচেতন হয়ে পড়া এবং শরীরে বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে।
ভিডিওতে তরুণী বলেন, ‘আমার বস প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি বলেন, আমি তাঁকে প্রায় মেরে ফেলেছিলাম। তিনি আমাকে সতর্ক করেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। যাঁরা আমার সমালোচনা করছেন, তাঁরা কখনো বুঝতেই পারবেন না, আমার মতো কম বেতন পাওয়া মানুষদের অবস্থা কেমন হয়।’
এই ভিডিওর নিচে বহু মানুষ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘কোনো নিয়োগকর্তাই এমন কর্মীকে মেনে নেবে না।’
আরেকজন লিখেছেন, ‘এরপর অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, যেন কাজের সময় ঘুম থেকে ঠিকঠাক উঠে পড়তে পারেন।’