শান্তি উদ্যোগে রাশিয়া যাচ্ছেন সি চিন পিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সি চিন পিং

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফরের পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়া সফর করবেন। তিনি বলেন, রাশিয়া–চীন সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, কয়েক মাসের মধ্যে রাশিয়ায় যেতে পারেন সি চিন পিং। ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় আলোচনার অংশ হিসেবে এ সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়েও পুতিনের সঙ্গে কথা বলবেন সি চিন পিং।

যদিও সি চিন পিংয়ের রাশিয়া সফরের বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে; সফরের সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলে কিংবা মে মাসের শুরুর দিকে সি চিন পিং রাশিয়ায় যেতে পারেন। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপন করবে মস্কো।

ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে গত মঙ্গলবার মস্কোয় পৌঁছেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি ও জার্মানি সফরের পর তিনি রাশিয়ায় গেছেন। সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। মস্কোর সঙ্গে সি চিন পিংয়ের সম্ভাব্য সফর নিয়েও আলোচনা হতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সোমবার চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ভূয়সী প্রশংসা করে বলেন, ইউক্রেন সংকটের বিষয়ে চীনের কূটনৈতিক উদ্যোগের প্রতি প্রেসিডেন্ট পুতিন সমর্থন জানাবেন, সে বিষয়ে কার্যত কোনো সংশয় দেখা যাচ্ছে না।