মজা করতে ‘শেষকৃত্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: এএফপি

চীনের আনহুই প্রদেশের বাসিন্দা ঝ্যাং। স্ত্রী মারা গেছেন দুই বছর আগে। সন্তানেরাও কেউ কাছে থাকেন না। জীবনের ৮৪টা বছর পার করে এসে একদম একা তিনি। হঠাৎ একদিন খেয়াল চাপল, ‘একটু মজা করবেন’। দেখবেন, মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে কত মানুষ যোগ দেন। যেই ভাবা, সেই কাজ। জীবিত অবস্থায় নিজের ‘শেষকৃত্যের’ আয়োজন করলেন তিনি।

ঝ্যাং তাঁর নকল শেষকৃত্যের আয়োজন করেন গত ২৭ ফেব্রুয়ারি। ওই অনুষ্ঠানের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, সেদিন সকালে শতাধিক স্থানীয় মানুষ ঝ্যাংয়ের বাসায় জড়ো হন। সেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে এক ভোজের আয়োজন করেন তিনি। পানাহারের পর শুরু হয় তিন ঘণ্টাব্যাপী শেষকৃত্য। শুরুতে আয়োজন করা হয় নকল শবযাত্রার। ওই যাত্রায় একটি ট্রাকের পেছনে রাখা হয় একটি লাল কফিন। সেটির ওপর বসে ঝ্যাং আশপাশের মানুষের উদ্দেশে হাত নাড়ান। এ সময় ট্রাকের পেছনে সাইকেল ও মোটরসাইকেলে ছিলেন স্থানীয় লোকজন।

সম্প্রতি নিজের মৃত্যুর কথা চিন্তা করে একটি কফিন কিনেছিলেন ঝ্যাং। এরপরই নাকি নকল শেষকৃত্য আয়োজনের পরিকল্পনা মাথায় আসে তাঁর। তিনি বলেন, পরিবার ছাড়া থাকতে থাকতে খুবই একাকিত্বে ভুগতেন তিনি। তাঁর মনে হয়েছিল, শেষকৃত্যের অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা সময় কাটানো যাবে, আর এ থেকে আনন্দও পাবেন।

ঝ্যাংয়ের গ্রামের এক বাসিন্দা জানান, গত মাসের শুরুতেই নিজের শেষকৃত্যের আয়োজন নিয়ে সাহায্য চাইতে তাঁর কাছে এসেছিলেন ঝ্যাং। বিচিত্র ওই আবদার শুনে প্রথমে চমকে ওঠেন তিনি। তবে বৃদ্ধের আশা পূরণ করতে শেষ পর্যন্ত রাজি হন।

বিচিত্র এই অনুষ্ঠানে ঝ্যাং তাঁর কোনো সন্তান, বন্ধু বা পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাননি। উপস্থিত সবাই ছিলেন স্থানীয়। পুরো অনুষ্ঠানের আয়োজন করতে ঝ্যাংয়ের খরচ হয়েছে প্রায় ২০ হাজার ইউয়ান, যা বাংলাদেশের হিসাবে তিন লাখ টাকার বেশি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। কারণ, পুরো বিষয়টা পুরোদস্তুর উপভোগ করেছেন তিনি।

এদিকে ঝ্যাংয়ের এই আয়োজনে কেউ কেউ চটলেও প্রশংসা করতে ভোলেননি অনেকেই। এমনই একজন বলেছেন, ‘আমি আশা করি, তিনি যেন ১০০ বছর বাঁচেন।’ আরেকজন বলেছেন, ‘একা থাকা সত্ত্বেও ঝ্যাং জানেন, কীভাবে জীবনটা উপভোগ করতে হয়।’