চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–সির সঙ্গে

চীনে শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেনজেন, গুয়াংডং, চীন, ১৮ নভেম্বরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বুধবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটার দিকে শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুতিনকে বহনকারী উড়োজাহাজ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহের শেষ দিকে শেনজেনে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সম্মেলনের ফাঁকে ট্রাম্প, সি চিন পিং ও পুতিনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এপেক সম্মেলনের সবচেয়ে আলোচিত আয়োজন হতে যাচ্ছে এই বৈঠক। তিন নেতার এমন ত্রিপক্ষীয় বৈঠক নজিরবিহীন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেনজেন বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী সদস্য সাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িবহর বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় রাশিয়া ও চীনের পতাকা হাতে নৃত্যশিল্পীরা। বাওআন আন্তর্জাতিক বিমানবন্দর, শেনজেন, গুয়াংডং, চীন, ১৮ নভেম্বর
ছবি: এএফপি

বিমানবন্দরে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। লালগালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁকে অভিবাদন জানান মার্চপাস্টে অংশ নেওয়া চীনা সেনাসদস্যরা। এ সময় নৃত্যশিল্পীরাও তাঁকে স্বাগত জানান।