প্রাইভেট কারে শৌচাগার, চলবে ভয়েস কমান্ডে
ভাবুন তো—রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। আশপাশে কোনো শৌচাগার নেই। আপনি গাড়ির ভেতর বসেই বললেন, শৌচাগারব্যবস্থা চালু হও। আর সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর চালু হয়ে গেল শৌচাগার। কেমন হবে বিষয়টি? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, আপাতত সেদিকেই এগোচ্ছে প্রযুক্তি!
চীনের অটোমোবাইল বাজারে এমনই এক অদ্ভুত উদ্ভাবনের খবর এসেছে। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেরেস এমন একটি শৌচাগারের মেধাস্বত্ব নিয়েছে, যা গাড়ির আসনের নিচে লুকানো থাকবে এবং ভয়েস কমান্ডে চালু করা যাবে।
নকশা অনুযায়ী, চালক শুধু ‘স্টার্ট আপ টয়লেট ফাংকশন’ বললেই শৌচাগারটি সক্রিয় হয়ে যাবে। আবার চাইলে সিট পেছালেও এটি ব্যবহার করা যাবে।
প্রকৌশলীরা বলেছেন, দীর্ঘ যাত্রা, ক্যাম্পিং বা গাড়িতে থাকার সময় ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে এ ধরনের সুবিধা যুক্ত করা হচ্ছে।
শৌচাগার ব্যবহারের পর গন্ধ বের করে দেওয়ার জন্য একটি ফ্যান ও এগজোস্ট পাইপ থাকবে। বর্জ্য জমা হবে একটি ট্যাংকে।
নির্দিষ্ট সময় পরপর তা খালি করতে হবে। এ ছাড়া এতে একটি ঘূর্ণমান হিটিং সিস্টেম থাকবে, যা প্রস্রাব শুকিয়ে দেবে এবং অন্যান্য বর্জ্যও শুকনা করে ফেলবে।
কোম্পানির দাবি, এই স্লাইডিং সিট নকশা গাড়ির ভেতরের জায়গা আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করবে।
চীনে সাম্প্রতিক বছরগুলোয় বৈদ্যুতিক গাড়িশিল্পে নতুন ও অদ্ভুত সব ফিচার যুক্ত করার প্রতিযোগিতা চলছে। কেউ গাড়িতে যুক্ত করছে গান গাওয়ার কারাওকে ব্যবস্থা, কেউ বসাচ্ছে ছোট ফ্রিজ।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও তাদের গাড়িতে ‘হট স্টোন ম্যাসাজ’ সুবিধা যুক্ত করেছে। বিওয়াইডি যুক্ত করছে ড্রোন সিস্টেম। আর এক্সপেং উড়ন্ত যানবাহী গাড়ি আনছে। সে গাড়িতে ছয়টি উড়ন্ত যান থাকবে।
তবে সেরেস তাদের গাড়িতে সত্যিই ভয়েস কমান্ডে পরিচালিত শৌচাগার যুক্ত করবে, নাকি আপাতত এটি শুধু মেধাস্বত্ব হিসেবে নথিতেই থেকে যাবে, তা নিশ্চিত হওয়া যায়নি।