এক মিশনে ৪১ কৃত্রিম উপগ্রহ পাঠাল চীন
একটি কিংবা দুটি নয় এক মিশনে ৪১টি কৃত্রিম উপগ্রহ পাঠাল চীন। গত বৃহস্পতিবার একটি রকেট ব্যবহার করে এসব উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়।
যে রকেটটি এই মিশনে ব্যবহার করা হয়েছে, সেটির নাম ‘লং মার্চ ২ডি’। এর আগে এতগুলো কৃত্রিম উপগ্রহ এক মিশনে পাঠানো হয়নি। এটা চীনের জন্য নতুন রেকর্ড। শানজির প্রদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র তাইওয়া স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রকেটটি চীনের ভূমি ত্যাগ করে।
‘লং মার্চ’ সিরিজের রকেট এই প্রথম মহাকাশে গেল, এমটা নয়; এর আগে ৪৭৫টি অভিযান পরিচালনা করা হয়েছে এই সিরিজের রকেট দিয়ে।
সর্বশেষ মিশনে যে ৪১টি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে, সেগুলো মূলত বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে। নতুন করে পাঠানো এসব উপগ্রহের মধ্যে ৩৬টি জিলিন-১ সিরিজের। এই সিরিজের উপগ্রহগুলোগুলোকে বলা হয়, রিমোট সেন্সিং স্যাটেলাইট। কোনো সুনির্দিষ্ট এলাকা থেকে তথ্য সংগ্রহের জন্য এ উপগ্রহ ব্যবহার করা হয়। এই সিরিজের কৃত্রিম উপগ্রহগুলো চীনের নিজের তৈরি।
জিলিন-১ সিরিজের প্রথম উপগ্রহ ২০১৫ সালে পাঠিয়েছিল চীন। সেই সময় এর ওজন ছিল ৪২০ কেজি। প্রযুক্তির উন্নয়নে এই সিরিজের কৃত্রিম উপগ্রহ আরও আধুনিক হয়েছে। এখন চীন বলছে, তাদের এই সিরিজের কৃত্রিম উপগ্রহের ওজন মাত্র ২২ কেজি।