বেলুনকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপোড়েন তৈরি হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। ওই ঘটনার পর প্রথমবারের মতো আজ রোববার বেইজিংয়ে পা রাখলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
যে বেলুনকাণ্ড নিয়ে এত হইচই ও মন-কষাকষির সৃষ্টি হয়েছিল, তার নেপথ্যে ছিল বিশ্বের এই বড় শক্তিধর দুই দেশের দুই রকম ভাষ্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, নজরদারির জন্য ওই বেলুন উড়িয়েছিল বেইজিং। তবে চীনের বক্তব্য ছিল, আবহাওয়াসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সেটি ওড়ানো হয়েছিল। ওই পরিস্থিতিতে ব্লিঙ্কেন তাঁর পূর্বনির্ধারিত চীন সফর বাতিল করেন।
ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নতুন করে এই চীন সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ঔৎসুক্য আছে। এই ঔৎসুক্য আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরকালীন সূচি নিয়ে। দুই দিনের এ সফরে তিনি চীনের পররাষ্ট্রনীতি প্রণয়নে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, এ কথা বলা হলেও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে এখনো কোনো পক্ষ থেকে মুখ খোলা হয়নি। এরই মধ্যে গত শুক্রবার বেইজিংয়ে সি চিন পিং এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসকে একসঙ্গে দেখা যায়।
দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নানা ইস্যুতে উত্তেজনা আছে। কিছু বিষয়ে যেমন মতানৈক্য আছে, তেমনি সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রও রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সফরে যেসব বিষয় আলোচনায় ঠাঁই পেতে পারে, তার মধ্যে শীর্ষ তিনটি হতে পারে—
সম্পর্কের মেরামত
ব্লিঙ্কেনের সফরে সর্বাধিক গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের বিষয়টি। গত মাসে সম্পর্কের বরফ গলতে শুরু করে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠক থেকে। সেখানে যুক্তরাষ্ট্র ও চীনের জ্যেষ্ঠ কর্মকর্তারা নানা ইস্যুতে কথা বলেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সবচেয়ে উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে ব্লিঙ্কেনের এ সফর আলাদা মাত্রা যোগ করছে। এর আগে ২০১৮ সালের অক্টোবরে সর্বশেষ বেইজিংয়ে গিয়েছিলেন মার্কিন কোনো পররাষ্ট্রমন্ত্রী।
সংঘাতের ঝুঁকি কমে যাওয়ায় এখনই দুই পক্ষের মধ্যে আলোচনার উৎকৃষ্ট সময় বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্টের উপসহকারী ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক সমন্বয়ক কুর্ট ক্যাম্পবেল।
ব্লিঙ্কেনের সফরের আগে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বৈশ্বিক অগ্রাধিকারের বিষয়গুলোকে সামনে এগিয়ে নিতে দুই দেশের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা আছে। তাই তারা মতানৈক্য জিইয়ে রাখতে পারেন না।
যদিও ব্লিঙ্কেনের সফর নিয়ে চীনের প্রতিক্রিয়া ছিল কিছুটা ঠান্ডা। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং গত বুধবার রাতে টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বলা হচ্ছে, ওই কথোপকথনে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনমনের প্রশ্নে তিনি ব্লিঙ্কেনকে বলেন, ‘এটা খুবই স্পষ্ট, কোন পক্ষ দোষী।’
যদি কম্পিউটার প্রযুক্তি দুই শক্তিধর দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতার ক্ষেত্র হয়, তবে অবৈধ ওষুধ বাণিজ্য বন্ধের বিষয়টি হতে পারে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বড় জায়গা।
কিন আরও বলেন, ‘চীনের উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সম্মান দেখাতে হবে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং প্রতিযোগিতার নামে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে অবমূল্যায়ন বন্ধ করতে হবে।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ কূটনীতিক ডানিয়েল জে ক্রিটেনব্রিঙ্ক অবশ্য মনে করেন না যে দুটি চুক্তি সই হওয়ার মাধ্যমে সম্পর্কের বড় ধরনের অগ্রগতি ঘটবে।
বাণিজ্যিক দ্বন্দ্বের নিরসন
চীনের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সম্পর্কের সূচনা হয়েছে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। কারণ, তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যবিষয়ক নেওয়া পদক্ষেপ বাতিল করতে তিনি অনাগ্রহী ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া পদক্ষেপের মধ্যে ছিল চীনের পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ।
যুক্তরাষ্ট্রের কম্পিউটার চিপ চীনে রপ্তানির মতো কিছু ক্ষেত্রে বাইডেন আরও শক্ত অবস্থান নিয়েছেন। কেননা, সর্বাধুনিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায়।
এর বিপরীতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কম্পিউটার মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোন টেকনোলজির পণ্য চীনে বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।
চীনের উদ্বেগের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের উপসহকারী ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক সমন্বয়ক কুর্ট ক্যাম্পবেল অবশ্য স্বীকার করেন। যদিও তিনি এ কথাও বলেন যে যুক্তরাষ্ট্র তার অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরতে সমর্থ।
যদি কম্পিউটার প্রযুক্তি দুই শক্তিধর দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতার ক্ষেত্র হয়, তবে অবৈধ ওষুধ বাণিজ্য বন্ধের বিষয়টি হতে পারে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বড় জায়গা।
চীনে উৎপাদিত রাসায়নিক উপাদান দিয়ে ‘ফেন্টানিল’ তৈরি বন্ধ হোক, ওয়াশিংটন এটা চায়। এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে গত সাত বছরে হেরোইনের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ফেন্টানিলের অতিরিক্ত ডোজের কারণে মৃত্যুর সংখ্যা তিন গুণ বেড়েছে।
কুর্ট ক্যাম্পবেল বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এটা অবশ্যই খুবই জটিল ও গুরুত্বপূর্ণ ইস্যু। তবে তিনি এ-ও বলেন, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দিক থেকেও চ্যালেঞ্জ রয়েছে।
সংঘাত পরিহার
বেলুনকাণ্ডের পর বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়ায় অস্ত্র পাঠানোর বিষয়ে চীন চিন্তাভাবনা করছে। ওই অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হবে।
যদিও পরে মার্কিন কর্মকর্তারা ওই অভিযোগ থেকে দূরে সরে যান। কেননা, এই বিতর্কিত বিষয়টি ইউক্রেন-রাশিয়ার সংঘাতকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ছায়া (প্রক্সি) যুদ্ধে গড়ানোর ঝুঁকি তৈরি করে।
তবে অস্ট্রিয়ার ভিয়েনায় চীনা প্রতিনিধিদের যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, ব্লিঙ্কেন চীন সফরে তারই প্রতিধ্বনি করবেন বলে ধারণা করা হচ্ছে। ভিয়েনা বৈঠকে বলা হয়েছিল, যদি রাশিয়াকে চীন সামরিক ও আর্থিক সহযোগিতা দেয়, তবে তার পরিণতি হবে মারাত্মক।
তাইওয়ান প্রণালি ও দক্ষিণ চীন সাগরে একাধিকবার প্রায় মুখোমুখি হতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধজাহাজ। বেইজিংয়ের দাবি, ওই সমুদ্রসীমা তাদের নিজেদের। তবে ওয়াশিংটনের ভাষ্য, তা আন্তর্জাতিক জলসীমার অংশ।
ব্লিঙ্কেন ও তাঁর কূটনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁদের এ সফরের উদ্দেশ্য উত্তেজনাকে ‘ঝুঁকিমুক্ত’ করা এবং দ্বিপক্ষীয় যোগাযোগকে নতুন করে প্রতিষ্ঠা করা।