অস্ট্রেলিয়ান ওয়াইনের ওপর আবার শুল্ক আরোপ চীনের
অস্ট্রেলিয়ান ওয়াইনের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করেছে চীন। আজ বৃহস্পতিবার ওই শুল্ক আরোপের কথা বলা হয়। গত মাস থেকেই শুল্ক আরোপ নিয়ে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে করোনাভাইরাসের উৎস নিয়ে তদন্তের আহ্বান জানানো হলে অস্ট্রেলিয়া ও চীনের সম্পর্কে চিড় ধরে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়।
আগামীকাল শুক্রবার থেকে চীনে অস্ট্রেলিয়ান ওয়াইনের ওপর ভর্তুকিবিরোধী শুল্ক আরোপিত হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গত আগস্টের শেষের দিকে ঘোষিত তদন্তের পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যানবেরার বিরুদ্ধে ওয়াইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেওয়ার অভিযোগ এনেছে বেইজিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘তদন্ত কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নির্ধারণ করে যে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ওয়াইনে জন্য ভর্তুকি রয়েছে। এতে চীনের অভ্যন্তরীণ ওয়াইনশিল্পের যথেষ্ট ক্ষতি হয়েছে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযোগ, সরকারি ভর্তুকি থেকে অস্ট্রেলিয়ার ওয়াইন প্রস্তুতকারীরা যে সুবিধা পান, তাতে চীনা ওয়াইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ে এগিয়ে থাকে তারা।
গত মাসে একবার চীন এ ধরনের পদক্ষেপ নেওয়ার পর অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, এ পদক্ষেপ অন্যায্য, অযাচিত ও অযৌক্তিক।
অস্ট্রেলিয়ার ওয়াইন প্রস্তুতকারীরা সতর্ক করে জানিয়েছে, শুল্ক আরোপের ফলে আকর্ষণীয় চীনের বাজার হারাবে তারা।
অস্ট্রেলিয়া-চীন সম্পর্ক এ বছর প্রবলভাবে ধাক্কা খেয়েছে। চীনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার নীতির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির ফাইভ–জি নেটওয়ার্কে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিষিদ্ধ করার মতো বিষয়টিও।
গত মে মাসে অস্ট্রেলিয়া থেকে গরুর মাংস আমদানিও নিষিদ্ধ করে চীন। এর বাইরে অস্ট্রেলিয়া থেকে রপ্তানিকৃত বার্লির ওপর অতিরিক্ত শুল্ক চাপায়।
স্বল্পমূল্যের আমদানিপণ্য দেশীয় পণ্য উৎপাদনের ক্ষতি করছে—এমন অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত শুরু হয়েছিল ১৮ মাস আগে। অভিযোগ, অস্ট্রেলিয়া ভর্তুকি দিয়ে সাধারণ দামের চেয়ে কম দামে এই বার্লি চীনে রপ্তানি করছে। ফলে, চীনের দেশীয় উৎপাদন মার খাচ্ছে চরমভাবে।