চীনের কাছে অস্ত্র চায়নি রাশিয়া: বেইজিং
ইউক্রেনে যুদ্ধের জন্য চীনের কাছে রাশিয়া সামরিক ও অর্থসহায়তা চাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছে বেইজিং। উল্টো ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষতিকর ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এসব গুজব ছড়ালে ইউক্রেনে সংঘাত আরও বাড়বে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে গতকাল সোমবার মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস ও ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া চাইছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করুক বেইজিং। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কেউ তাঁদের নাম প্রকাশ করেননি।
ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত লিউ পেনগিউ বলেছেন, এ নিয়ে তাঁর কানে কিছুই আসেনি। চীনা এ কূটনীতিকের ভাষ্য, এ মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি আদতেই বিশৃঙ্খল। এর বদলে উত্তেজনাকর এ পরিস্থিতি যেন আরও গভীর না হয় এবং নাগালের বাইরে চলে না যায়, তা সামাল দেওয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
আজ মঙ্গলবার লন্ডনে চীনের দূতাবাস থেকে বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিবৃতি পাঠিয়ে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে চীনের বিরুদ্ধে একের পর এক গুজব ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন নিয়ে শান্তি আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখছে চীন। এখন উত্তেজনা উসকে দেওয়ার বদলে, তা নিরসনে বেশি অগ্রাধিকার দিচ্ছে চীন।
এদিকে ক্রেমলিনও মার্কিন কর্মকর্তাদের এ দাবি উড়িয়ে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ গতকাল বলেন, রাশিয়া চীনের কাছে সামরিক সাহায্য চায়নি। ইউক্রেনে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের হাতে যথেষ্ট অস্ত্র রয়েছে। মস্কো তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে যথাসময়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে।
বিশ্লেষকদের শঙ্কা, চীন রাশিয়াকে সামরিক সহায়তা দিলে বিশ্ব নানা পক্ষে ভাগ হয়ে যাওয়ার বিষয়টি গতি পাবে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চীনবিষয়ক সাবেক পরিচালক রায়ান হাস বলেন, এমন পরিস্থিতি এড়াতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা করতে হবে।