‘করোনার উৎস জানতে চীন সরকারের সহযোগিতা প্রয়োজন’
করোনাভাইরাসের উৎস জানতে এবং ভবিষ্যতে মহামারি যে ঝুঁকি, তা ঠেকাতে চীন সরকারের সাহায্য প্রয়োজন। যুক্তরাষ্ট্রের দুই বিশেষজ্ঞ গতকাল রোববার এই কথা বলেছেন। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার ছিলেন স্কট গটলিয়েব। বর্তমানে তিনি করোনা টিকা তৈরিকারক ফাইজারের হয়ে কাজ করছেন। তিনি বলেন, করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহানের পরীক্ষাগার থেকে ছড়িয়েছে—এই তত্ত্বের পক্ষে তথ্য আসছে। এই তত্ত্বের প্রতি সমর্থন দিনকে দিন বাড়ছে। তিনি বলেন, করোনা যে পরীক্ষাগার থেকে ছড়ায়নি এর পক্ষেও চীন কোনো তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি। এ ছাড়া এই ভাইরাস বন্য প্রাণী থেকে ছড়িয়েছে, তা–ও এখনো প্রতিষ্ঠিত নয়। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি।
করোনার এই উৎস নিয়ে কথা বলেছেন টেক্সাসের চিলড্রেনস হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের সহপরিচালক পিটার হোতেজ। তিনি বলেন, এখনো জানা যাচ্ছে না এই মহামারি কীভাবে ছড়িয়েছে, কীভাবে বিশ্বকে ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের আরেক টেলিভিশন এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে পিটার এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, এই ভাইরাসের উৎস জানা না গেলে কোভিড-২৬ এবং কোভিড-৩২ ছড়ানোর ঝুঁকি রয়েছে।
করোনাভাইরাসের উৎস জানতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত বুধবার আকস্মিকভাবেই ঘোষণা দিয়েছেন, এই ভাইরাসের উৎস জানতে তদন্ত করা হবে। এ জন্য তিনি দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগ যে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তা নির্দেশে স্পষ্ট। এই নির্দেশ অনুসারে, আগামী ৯০ দিনের মধ্যে এ নিয়ে তদন্ত করে তার প্রতিবেদন দিতে হবে।
তবে যুক্তরাষ্ট্রের এই চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে চীন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল হুবেই থেকে ফিরে বলেছে, পরীক্ষাগার থেকে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম।
তবে হোতেজ বলেন, চীনে দীর্ঘ সময় ধরে তদন্তের সুযোগ বিজ্ঞানীদের দেওয়া হয়েছে। এ জন্য মানুষ ও প্রাণীর রক্ত সংগ্রহের জন্য সুযোগ দিতে হবে। যুক্তরাষ্ট্রের উচিত নিষেধাজ্ঞার হুমকিসহ বিভিন্নভাবে চীনের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তদন্ত দলকে চীনে প্রবেশ করতে দেওয়া হয়।
হোতেজ বলেন, ‘ছয় মাস বা এক বছরের জন্য আমাদের বিজ্ঞানী, রোগতত্ত্ববিদ, ভাইরোলজিস্ট ও বাদুড় বিশেষজ্ঞদের হুবেইয়ে পাঠানো প্রয়োজন।’