কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছর কারাদণ্ড দিল চীন
গুপ্তচরবৃত্তির দায়ে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনে একটি আদালত। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আজ বুধবার চীনা আদালত এ রায় দেন। দণ্ডিত ব্যবসায়ীর নাম মাইকেল স্প্যাভর।
মাইকেল স্প্যাভরকে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয়। একই সময় কানাডার আরেক নাগরিক মাইকেল কভরিগকেও গ্রেপ্তার করা হয়। কভরিগ সাবেক কূটনীতিক। তাঁদের গ্রেপ্তার করার পর কানাডা বলেছিল, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে ২০১৮ সালের ডিসেম্বরে কানাডার ভ্যাংকুভার বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে কানাডা। মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের পর চীনও অভিযোগ করে, এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনার পরই কানাডার নাগরিক কভরিগ ও স্প্যাভর চীনে গ্রেপ্তার হন। পাল্টাপাল্টি এসব ঘটনাকে কেন্দ্র করে কানাডা ও চীনের সম্পর্কের ব্যাপক অবনতি হয়।
স্প্যাভরকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন চীনের লিয়াওনিং প্রদেশের ডানডং শহরের একটি আদালত। রায় ঘোষণার পর আদালতের এক বিবৃতিতে বলা হয়, স্প্যাভর গুপ্তচরবৃত্তি করেছেন। অবৈধভাবে রাষ্ট্রের গোপন তথ্য পাচার করেছেন। এ জন্য তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বছরের জুনে স্প্যাভর ও কভরিগের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এরপর গত মার্চে তাঁদের পৃথক বিচার শুরু হয়।