কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সামরিক মহড়ায় চীন-রাশিয়া
কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করছে চীন ও রাশিয়া। এ লক্ষ্যে বড় পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দেশ দুটি।
চীনের উত্তর-মধ্যাঞ্চলীয় নিয়াংজিয়া প্রদেশে গত সোমবার দুই দেশের এই সামরিক মহড়া শুরু হয়েছে। চীন ও রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গভীর উদ্বেগ রয়েছে। এর মধ্যেই চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, ‘দ্য সিবু/কো-অপারেশন-২০২১’ নামের এই যৌথ সামরিক মহড়া চলবে শুক্রবার পর্যন্ত। এতে দুই দেশের ১০ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন।
রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দেশটি থেকে সুখোই-৩০ এসএম যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় রাইফেল ইউনিট ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চীনে পাঠানো হয়েছে।
২০০৫ সালের পর থেকে চীন ও রাশিয়া নিয়মিত যৌথ সামরিক মহড়ার আয়োজন করে আসছে। তবে এবারের মহড়ায় প্রথমবারের মতো রুশ সেনারা চীনা সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করবে বলে রাশিয়ার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
নতুন উচ্চতায় কৌশলগত মিত্রতা
চীন ও রাশিয়ার এবারের যৌথ সামরিক মহড়া আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে মিত্রতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা-স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের প্রত্যয়ের পাশাপাশি সক্ষমতা প্রদর্শন। দুই দেশের কর্মকর্তাদের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
সিনহুয়া আরও বলছে, কৌশলগত পারস্পরিক বিশ্বাস, ব্যবহারিক বিনিময় ও সমন্বয়ের নতুন যুগে প্রবেশ করেছে চীন ও রাশিয়া। এ ক্ষেত্রে কৌশলগত অংশীদারত্ব জোরদারে এবারের যৌথ সামরিক মহড়া দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এ বিষয়ে অস্ট্রেলিয়াভিত্তিক থিঙ্কট্যাংক লওয়ে ইনস্টিটিউটের চীনবিষয়ক বিশ্লেষক রিচার্ড ম্যাকগ্রেগর আল–জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ-বিরোধিতার পরও বেইজিং ও মস্কো গভীর সম্পর্কে জড়িয়েছে, যার প্রকাশ ঘটেছে যৌথ সামরিক মহড়ায়।
চীনের উত্তর-মধ্যাঞ্চলীয় নিয়াংজিয়া প্রদেশটি জিনজিয়াংয়ের সীমান্ত লাগোয়া। জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর বেইজিং দমনপীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে বেশ পুরোনো অভিযোগ রয়েছে। এ বিষয়ে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
পশ্চিমাদের অভিযোগ, উইঘুর মুসলিমদের ওপর চীন পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে। তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে বিশেষ শিবিরে রাখা হচ্ছে। বাধ্যতামূলক শ্রমে নিয়োগ করা হচ্ছে। যদিও চীন বরাবর এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। এবার জিনজিয়াংয়ের পাশেই রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ-বিরোধিতার মধ্যেই বেইজিং ও মস্কো গভীর সম্পর্কে জড়িয়েছে, যার প্রকাশ ঘটেছে যৌথ সামরিক মহড়ায়।রিচার্ড ম্যাকগ্রেগর, লওয়ে ইনস্টিটিউটের চীনবিষয়ক বিশ্লেষক
আফগান পরিস্থিতি
সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হবে। দেশটি থেকে পশ্চিমা সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে সংঘাত-সংঘর্ষ-সহিংসতা বেড়ে গেছে, যা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখতে ইতিমধ্যে কৌশলগত তৎপরতা শুরু করেছে বেইজিং ও মস্কো।
পশ্চিমা দেশগুলো-সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে আফগানিস্তানে নিজেদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া তালেবান। লক্ষ্য অর্জনে সরকারি সেনাদের বিরুদ্ধে তালেবান তাদের অভিযান জোরদার করেছে। ইতিমধ্যে দেশটির আটটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। যেকোনো মুহূর্তে রাজধানী কাবুলের পতন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের ক্ষমতায় সম্ভাব্য পরিবর্তনের প্রেক্ষাপটে চীন ও রাশিয়া উভয় দেশ তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে তালেবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে বেইজিং। তালেবান নেতারা সম্প্রতি চীন সফর করেছেন। অন্যদিকে, আফগান সীমান্তবর্তী দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করেছে মস্কো।
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়া থেকে সুখোই-৩০ এসএম যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় রাইফেল ইউনিট, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চীনে পাঠানো হয়েছে।
দক্ষিণ চীন সাগর বিরোধ
ইউক্রেনের ক্রিমিয়া নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বিরোধ চলছে। আর জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছাড়াও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধের বড় একটি জায়গা দক্ষিণ চীন সাগর। এসব বিরোধ বেইজিং ও মস্কোকে কৌশলগতভাবে কাছাকাছি এনেছে। চীন ও রাশিয়া—দুই দেশেরই প্রতিপক্ষ একই। এ যেন কৌটিল্যের সেই সূত্র—শত্রুর শত্রু যখন বন্ধু। বিশেষ করে ২০১৪ সালের পর থেকে চীন ও রাশিয়ার মিত্রতা জোরদার হয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন।
দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে বেইজিং। এটা নিয়ে এই অঞ্চলের ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইনসহ কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। এই বিরোধ আরও উসকে দিচ্ছে ওয়াশিংটন। আর মস্কো দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে বরাবর বেইজিংকে সমর্থন দিয়ে আসছে।
সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় একাধিক স্থাপনা নির্মাণ করেছে চীন, যা এই অঞ্চল ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পর্যন্ত গড়িয়েছে। কিন্তু সমাধান মেলেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, কৌশলগত এই জলপথে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি বৈশ্বিক নিরাপত্তা ও বাণিজ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
দক্ষিণ চীন সাগর এলাকার শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র দিন দিন বড় হুমকি হয়ে উঠছে।দাই বিং, জাতিসংঘে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত
জাতিসংঘে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত দাই বিং বলেছেন, দক্ষিণ চীন সাগর এলাকার শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র দিন দিন বড় হুমকি হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে এমন নানামুখী বিরোধের মধ্যেই ‘শত্রুর শত্রু’ রাশিয়াকে নিয়ে বড় পরিসরে যৌথ সামরিক মহড়া করছে চীন। এই মহড়ার মধ্য দিয়ে বেইজিং ও মস্কোর দ্বিপক্ষীয় কৌশলগত মিত্রতা নতুন এক উচ্চতায় উন্নীত হতে পারে বলে মত বিশ্লেষকদের।
আল–জাজিরা ও রয়টার্স অবলম্বনে অনিন্দ্য সাইমুম