চীন ও যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা নিয়ে এগোতে হবে: চীনা রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই
ছবি : রয়টার্স

সম্পর্ক উন্নয়নের জন্য চীন এবং যুক্তরাষ্ট্রকে সৎ উদ্দেশ্য নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই গতকাল শনিবার এ কথা বলেছেন। বিশ্বের দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে সম্পর্ক নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক সম্পাদকীয়তে গত শুক্রবার বলা হয়, বাণিজ্য, সুরক্ষা থেকে শুরু করে মানবাধিকার এবং করোনাভাইরাসের মতো বিষয়গুলো নিয়ে চীন-মার্কিন সম্পর্ক দশকের মধ্যে সবচেয়ে নিম্নতম স্থানে নেমেছে। দুই দেশের মধ্যে চুক্তিগুলো বিপজ্জনক পথে স্থানান্তরিত হচ্ছে।

রাষ্ট্রদূত চুই তিয়ানকাই ভিডিও লিংকের মাধ্যমে চায়না-আমেরিকা স্টাডিজ ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলনে বলেন, ‘সম্পর্ক সঠিক পথে রাখার জন্য, সম্পর্কের সত্যিকারের উন্নতি করতে, উভয় পক্ষকে সদিচ্ছা ও সৎ বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আমি মনে করি না যে এখানে কাউকে শুধু খুশি করার জন্য চীনের কিছু করা উচিত।’

টেক্সাসে কনস্যুলেট বন্ধের প্রতিক্রিয়া হিসেবে বেইজিং গত জুলাইতে চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

এর আগে বছরের শুরুর দিকে চীনা নাগরিকদের মার্কিন অফিসে বসে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে কাজের সুযোগ বন্ধ করে দেয় ওয়াশিংটন। এরপর বেইজিং চীনের ব্যুরো অফিস থেকে সাংবাদিকদের কাজের সুযোগ বন্ধ করে দেয়।

বাইডেনের ক্ষমতা গ্রহণের জন্য বেইজিং আবার চেংদু কনস্যুলেট খোলার সম্ভাবনা উড়িয়ে দেননি রাষ্ট্রদূত চুই। তিনি বলেন, ‘আমরা কনস্যুলেট বন্ধের উদ্যোগ শুরু করিনি। আমরা বিদেশি সাংবাদিকদের দেশ ছাড়ার আদেশ প্রথম জারি করিনি। আমরা কেবল যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তা করেছি। এখন মার্কিন সরকার যদি ওই প্রক্রিয়া বদল করতে শুরু করে তবে আমরাও বিষয়টি দেখব।’