চীনে গ্যাস বিস্ফোরণে ৩ জনের মৃত্যু, আহত অনেকে
চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং শহরে একটি রেস্তোরাঁয় গ্যাসলাইনে বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। খবর এএফপির।
গ্যাস বিস্ফোরণের ভয়াবহতার একটি ভিডিও প্রকাশ করেছে সিসিটিভি। একটি গাড়ি থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ধোঁয়ার কুণ্ডলী ও ধুলায় ঢেকে গেছে দুর্ঘটনার কবলে পড়া রেস্তোরাঁসংলগ্ন রাস্তা। নিরাপদে আশ্রয় নিতে ছোটাছুটি করছে আতঙ্কিত লোকজন। ভিডিওতে রাস্তার ওপর আশপাশের ভবনগুলোর জানালা এবং ধ্বংসাবশেষও পড়ে থাকতে দেখা যায়।
এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যান অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ দলের সদস্যরা। উদ্ধারকর্মীদের সেখান থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও বাসগুলো সরিয়ে নিতে দেখা যায় সিসিটিভির ভিডিওতে। উদ্ধারকাজ এখনো চলছে।
চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলিও তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে তারা। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
চীনে গ্যাস বিস্ফোরণের ঘটনা প্রায় ঘটে থাকে। দেশটিতে নিরাপত্তাসংক্রান্ত দুব৴ল নীতিমালাকে এর জন্য দায়ী করা হয়। পাশাপাশি এ–সংক্রান্ত আইন প্রয়োগেও তেমন কড়াকড়ি করা হয় না বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের জুনেই চীনের হুবেই প্রদেশে একটি আবাসিক এলাকায় গ্যাসলাইনে বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়। আহত হয় আরও শতাধিক।
জুনের ওই ঘটনা তদন্তে নামে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তখন জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া গ্যাসের পাইপে মারাত্মক ত্রুটি ছিল। এ ছাড়া নেওয়া হয়নি যথাযথ নিরাপত্তাব্যবস্থাও। এসবের জেরে ওই গ্যাস পাইপের মালিকানাধীন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকসহ আটজনকে আটক করা হয়।