চীনে স্বতঃস্ফূর্ত পরীক্ষায় করোনা শনাক্ত হলে মিলবে সোয়া লাখ টাকা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের একটি প্রদেশে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন একজন স্বাস্থ্যকর্মী
ফাইল ছবি: রয়টার্স

চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে উপসর্গ দেখা দেওয়ার পর স্বেচ্ছা করোনা পরীক্ষায় কারও পজিটিভ ফলাফল এলে তাঁকে ১ হাজার ৫৭০ ডলার (প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা) পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ইনসাইডারের
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য বেইজিং নিউজের এক প্রতিবেদনে এ পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত শনিবার স্থানীয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হারবিনের যেসব বাসিন্দা লক্ষণ প্রকাশের পর আগ্রহী হয়ে করোনা পরীক্ষা করাবেন ও পজিটিভ শনাক্ত হবেন এবং সেই তথ্য জানাবেন তাঁরা এ পুরস্কার পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোথাও করোনা সংক্রমণের খবর পাওয়া গেলে সেটি খেয়াল রাখতে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। এ ছাড়া কারও জ্বর, কাশি, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, স্বাদ বা গন্ধ হারানো কিংবা ডায়রিয়া হলে নিজে নিজেই কোনো চিকিৎসা না করতে বলা হয়েছে। এমন হলে মাস্ক পরিধান করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে যেতে হবে। একই সঙ্গে তিনি সম্প্রতি কোথাও ভ্রমণ করেছেন এবং কারও সংস্পর্শে গেছেন কি না, সেটিও জানাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন গতকাল রোববার হারবিন শহরে সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁরা করোনা পরীক্ষা করানোয় কোনো ধরনের আর্থিক পুরস্কার পাননি তাঁরা।