চীনের প্রাপ্তবয়স্ক মানুষের অর্ধেকের বেশিই স্থূলকায়। সংখ্যায় তাঁরা ৫০ কোটির বেশি। দেশটির এক সরকারি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, চীনে স্থূলকায় মানুষের এই সংখ্যা বিশেষভাবে বাড়ছে ২০০২ সাল থেকে। ওই সময় প্রাপ্তবয়স্ক স্থূলকায় মানুষের হার ছিল ২৯ শতাংশ। কয়েক দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতগতিতে বেড়ে চলাকে দেশটিতে স্থূলকায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে। এটি মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে এক বড় পরিবর্তন আনছে।
এ প্রতিবেদন প্রকাশের আগে গত অক্টোবরে চীন সরকার ক্রমবর্ধমান স্থূলতা সমস্যা মোকাবিলায় কিছু পরিকল্পনার কথা জানায়।
ডব্লিউএইচওর নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে অতিরিক্ত ওজনের মানুষের হার ছিল সারা বিশ্বে প্রায় ৪০ শতাংশ। একই সময়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত রোগী ছিল প্রায় ১৩ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশটি হলো উপসাগরীয় ছোট অথচ ধনী রাষ্ট্র কাতার। দেশটির ৭০ শতাংশের বেশি নাগরিকই অতিরিক্ত ওজনের বা স্থূলতার সমস্যায় আক্রান্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন ব্যক্তির স্থূলকায় সমস্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্রোগ, স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ ও ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে থাকে।
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি চলার মধ্যে চীনে মানুষের স্থূল হয়ে যাওয়ার সমস্যাটি নতুন করে মনোযোগ পেয়েছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ওজনের অধিকারী বা স্থূলকায় মানুষ করোনায় আক্রান্ত হলে অন্যদের চেয়ে বেশি জটিলতার শিকার হয় বা বেশি মারা যায়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গতকাল বুধবার প্রকাশ করেছে এ প্রতিবেদন। এতে বলা হয়েছে, দেশটির ৫০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক অতিরিক্ত ওজনের অধিকারী, যাঁদের ১৬ দশমিক ৪ শতাংশ আবার স্থূলতার সমস্যায় আক্রান্ত রোগী।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চীনা নাগরিকদের মধ্যে কায়িকশ্রমের প্রবণতা কমতে থাকায় স্থূলতা সমস্যা বাড়ছে। প্রাপ্তবয়স্ক মানুষের এক-চতুর্থাংশের কম সপ্তাহে অন্তত একবার ব্যায়াম করে থাকে। মাংস খাওয়া বেড়ে যাওয়া ও ফল খাওয়া কমে যাওয়াকেও এ সমস্যার আরেক কারণ হিসেবে চিহ্নিত করা হয় প্রতিবেদনে।
হারবিন শহরের পুষ্টিবিদ ওয়াং ড্যান বার্তা সংস্থা এএফপিকে এ প্রসঙ্গে বলেন, চীনের অনেক প্রাপ্তবয়স্ক মানুষই এখন খুব কম ব্যায়াম করেন, অনেক বেশি চাপে থাকেন এবং তাঁদের কাজের সূচি স্বাস্থ্যসম্মত নয়।
চীনের অনেক প্রাপ্তবয়স্ক মানুষই এখন খুব কম ব্যায়াম করেন, অনেক বেশি চাপে থাকেন এবং তাঁদের কাজের সূচি স্বাস্থ্যসম্মত নয়।
সাম্প্রতিক বছরগুলোয় মানুষের ওজন অতিরিক্ত হয়ে যাওয়া বা স্থূলতার সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা শুধু চীনে বাড়তে দেখা যাচ্ছে, এমনটা নয়। চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলে, বিশ্বজুড়ে মানুষের স্থূলকায় হয়ে যাওয়ার মাত্রা ১৯৭৫ সালের পর থেকে তিন গুণ বেড়েছে। এর মধ্যে আছে নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষও।
ডব্লিউএইচওর নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে অতিরিক্ত ওজনের মানুষের হার ছিল সারা বিশ্বে প্রায় ৪০ শতাংশ। একই সময়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত রোগী ছিল প্রায় ১৩ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশটি হলো উপসাগরীয় ছোট অথচ ধনী রাষ্ট্র কাতার। দেশটির ৭০ শতাংশের বেশি নাগরিকই অতিরিক্ত ওজনের বা স্থূলতার সমস্যায় আক্রান্ত।