চীনের জাতীয় আখ্যানে নিজেকে ‘নায়ক’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টায় সি
চীনের রাজনৈতিক ইতিহাসে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মর্যাদাকে আরও দৃঢ় করে গতকাল বৃহস্পতিবার একটি ঐতিহাসিক প্রস্তাব পাস করেছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। বিশ্লেষকেরা বলছেন, এ প্রস্তাব পাসের মধ্য দিয়ে সি চিন পিং তাঁর ক্ষমতাকে আরও সংহত করেছেন। তিনি চীনের জাতীয় অগ্রযাত্রার আখ্যানে নিজেকে ‘নায়ক’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব কথা বলা হয়।
খবরে বলা হয়, প্রস্তাবটির লক্ষ্য—সি চিন পিংকে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে–তুং ও তাঁর উত্তরসূরি দেং জিয়াও পিংয়ের সমকক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা।
চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে এমন প্রস্তাব পাসের ঘটনা এ নিয়ে তিনবার ঘটল। এর আগে ১৯৪৫ সালে মাও সে-তুংয়ের সময় ও ১৯৮১ সালে দেং জিয়াও পিংয়ের সময় এমন প্রস্তাব পাস করা হয়েছিল।
স্থানীয় সময় গতকাল চীনা কমিউনিস্ট পার্টির চার দিনব্যাপী ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনে প্রস্তাবটি পাস করা হয়। এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক।
রুদ্ধদ্বার এ অধিবেশনে দলের ১৯তম কেন্দ্রীয় কমিটির ৩৭০ জনের বেশি স্থায়ী-অস্থায়ী সদস্য উপস্থিত ছিলেন। প্রস্তাবের দলিলে দলের ১০০ বছরের ইতিহাস সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়। এতে দলের গুরুত্বপূর্ণ অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও রয়েছে।
আগামী বছর অনুষ্ঠেয় দলটির জাতীয় কংগ্রেসের আগে এটা ছিল চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সব শেষ বড় বৈঠক। ওই কংগ্রেসে সি চিন পিং রেকর্ড তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেবেন বলে ধারণা করা হচ্ছে।
দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে না পারার সীমাবদ্ধতা ২০১৮ সালে বাতিল করে চীন। কার্যত এই পদক্ষেপের মধ্য দিয়ে সি চিন পিংয়ের আজীবন ক্ষমতায় থাকার সুযোগ সৃষ্টি করা হয়। এখন বিশেষজ্ঞরা বলছেন, গতকাল পাস হওয়া প্রস্তাবটি সি চিন পিংয়ের ক্ষমতাকে সুসংহত করেছে। তাঁর আবার প্রেসিডেন্টের দায়িত্ব পালনে পথ সুগম করেছে।
চীনের সমকালীন ঘটনাভিত্তিক সংবাদ সংকলন ‘চায়না নিকান’-এর সম্পাদক অ্যাডাম নি মনে করেন, এই প্রস্তাব পাসের মধ্য দিয়ে চীনের জাতীয় অগ্রযাত্রার আখ্যানে নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন সি চিন পিং।
অ্যাডাম নি জানান, ঐতিহাসিক প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে সি চিন পিং নিজেকে কমিউনিস্ট পার্টি ও আধুনিক চীনের মহা আখ্যানের কেন্দ্রবিন্দুতে বসিয়েছেন। সি চিন পিং এখন ক্ষমতায়। এ প্রস্তাবটি তাঁর ক্ষমতাকে আরও সংহত করতে সাহায্য করবে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের শিক্ষক ড. চং জা ইয়ান জানান, নতুন এই পদক্ষেপ সি চিন পিংকে তাঁর পূর্ববর্তী চীনা নেতাদের থেকে স্বাতন্ত্র্য দান করবে। সি চিন পিংয়ের মতো এতটা কর্তৃত্ব সাবেক নেতা হু জিনতাও ও জিয়াং জেমিনেরও ছিল না।
মাও সে–তুং ও দেং জিয়াও পিং–পূর্ববর্তী রীতি ভঙ্গের উপায় হিসেবে প্রস্তাব পাস করেছিলেন। অন্যদিকে সি চিন পিং তাঁর প্রস্তাবে ক্ষমতা জারি রাখার ওপর জোর দিচ্ছেন।
চীনের নেতা হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকে সি চিন পিং তাঁর ক্ষমতা দৃঢ় করার পাশাপাশি ক্রমাগতভাবে বৃদ্ধি করেছেন। ২০১৭ সালে দলের গঠনতন্ত্রে তাঁর চিন্তাধারা অন্তর্ভুক্ত করা হয়। এই পদক্ষেপের মধ্য দিয়ে মাও সে-তুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী রাজনীতিক হিসেবে আবির্ভূত হন তিনি।