ট্রেনে চড়ে বিমানের অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বতের রাজধানী লাসা ও চীনের নিংচি শহরের মধ্যে চালু হওয়া নতুন বুলেট ট্রেন।
ছবি: টুইটার থেকে সংগৃহীত

‘অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে, তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাত না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।’

কবিতার এ লাইনগুলো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড় চূড়ায়’ থেকে নেওয়া। পাহাড়ের প্রতি কবির গভীর টানই ফুটে উঠেছে এ কবিতায়। তবে পাহাড় কার না ভালো লাগে! পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নীল সমুদ্র বা বিস্তীর্ণ সবুজ বন দেখে প্রাণ জুড়ানোর বাসনা সবার মনেই উঁকি দেয়। ‘পৃথিবীর ছাদ’ বলে পরিচিত তিব্বতে পর্যটকদের বিনা পরিশ্রমে পাহাড়ের চূড়ায় উঠে মনভোলানো এমন দৃশ্য অবলোকনের সুযোগ এবার হাতের নাগালে আসছে। শুধু তা–ই নয়। ট্রেনে চড়ে রীতিমতো বিমানে ছুটে চলার অভিজ্ঞতাই নিতে পারবেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, সম্প্রতি তিব্বতে দ্রুতগামী বুলেট ট্রেনের উদ্বোধন করেছে চীন। ভারতের অরুণাচল প্রদেশের পার্শ্ববর্তী অঞ্চলে চালু হওয়া এই ট্রেন তিব্বতের রাজধানী লাসা ও সীমান্তবর্তী নিংচি শহরের মধ্যে সংযোগ তৈরি করেছে। অরুণাচল সীমান্তের একেবারে কোলঘেঁষা নিংচি। লাসা-নিংচি অংশের ৪৩৫ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই রেলসড়ক সিচুয়ান-তিব্বত রেলওয়ের অধীনে, যার বেশির ভাগ প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে গেছে।

বুলেট ট্রেনের এই পথের প্রায় ৯০ শতাংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার ওপরে। প্রাকৃতিক কারণেই ওপরের বাতাসে অক্সিজেনের মাত্রা কম থাকে। সে জন্য এই বুলেট ট্রেনে স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেনের মাত্রা খানিকটা বাড়তি রেখেছে এর নির্মাতারা। ট্রেনের ভেতর বাতাসে অক্সিজেনের মাত্রা রাখা হয়েছে ২৩ দশমিক ৬ শতাংশ। বাতাসে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা সাধারণত ২১ শতাংশ।

লাসা-নিংচি বুলেট ট্রেনের লাইনের ৭৫ শতাংশজুড়ে ৪৭টি টানেল ও ১২১টি সেতু। ট্রেনের এই লাইন নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন (৫৬০ কোটি) মার্কিন ডলার। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চীনা রেলওয়ে গ্রুপ এটি নির্মাণ করেছে। এর দেখভালের দায়িত্বও তাদের। বুলেট ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার।