‘ড্রাগনম্যান’ প্রজাতির ফসিলের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর দৃষ্টিতে ড্রাগনম্যান প্রজাতির মানুষ
ছবি : এএফপি

উত্তর-পূর্ব চীনে ১ লাখ ৪০ হাজার বছরের বেশি আগের একটি মাথার খুলি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন গবেষকেরা। তাঁরা বলছেন, এ খুলি আদিম মানুষের একটি নতুন প্রজাতির প্রতিনিধিত্ব করে, যার সঙ্গে নিয়ানডারথালদের চেয়েও আধুনিক মানুষের সঙ্গে বেশি মিল রয়েছে।

গত শুক্রবার গবেষকেরা ঘোষণা দিয়েছেন, ‘নতুন এ আবিষ্কার মানব বিবর্তন সম্পর্কে আমাদের ধারণাকে পরিবর্তন করতে পারে।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যে খুলিটি পাওয়া গেছে, সেটি মূলত বড় মস্তিষ্কের ৫০–এর কোঠায় থাকা কোনো পুরুষের। তাঁর মুখ প্রশস্ত হলেও সেটি ছিল অনেকটাই সমতল। গভীর চোখ, ললাট আর নিচু গালের হাড়ের কারণে আধুনিক মানুষের সঙ্গে এর মিল বেশি।

গবেষক দল নতুন এ নমুনাটিকে চীনে খোঁজ পাওয়া অন্য ফসিলের সঙ্গে যুক্ত করেছেন। তাঁরা এ প্রজাতিকে বলছেন ‘হোমো লংগি’ বা ‘ড্রাগনম্যান’। যে অঞ্চলে ওই খুলি পাওয়া গেছে, তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে।

হার্বিন নামের এ খুলি ১৯৩৩ সালে প্রথম পাওয়া যায়। কিন্তু জাপানি সেনাবাহিনীর হাত থেকে এটি রক্ষার জন্য একটি কুয়ার মধ্যে ৮৫ বছর ধরে এটি লুকানো ছিল। পরে এটি খুঁড়ে হেবেই জিইও বিশ্ববিদ্যালয়ের গবেষক জি কিয়াংয়ের হাতে ২০১৮ সালে তুলে দেওয়া হয়।

গবেষণা নিবন্ধের সহলেখক লন্ডনের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের গবেষক ক্রিস স্টিংগার বলেছেন, ‘আমাদের বিশ্লেষণে দেখা গেছে, নিয়ানডারথালদের তুলনায় হার্বিন গ্রুপের সঙ্গে হোমোস্যাপিয়ান্সের সম্পর্ক বেশি। এ কারণে ড্রাগনম্যানকে আমাদের আধুনিক পূর্বপুরুষ প্রজাতি হিসেবে ধরা যায়।’

গবেষণাসংক্রান্ত তিনটি নিবন্ধ প্রকাশিত হয়েছে দ্য ইনোভেশন সাময়িকীতে।

যে খুলিটি পাওয়া গেছে, সেটি ১ লাখ ৪৬ হাজার বছরের পুরোনো। এটি মধ্য প্লাইস্টোসিন যুগের। নামটি নেওয়া হয়েছে লং জিয়াং থেকে, যার আক্ষরিক অর্থ ড্রাগন নদী। ড্রাগনম্যান সম্ভবত ছোট ছোট গ্রুপে প্লাবনভূমির পরিবেশে বাস করত। তারা ছিল মূলত শিকারি। তারা নিয়ানডারথালদের চেয়েও বেশি শীতসহিষ্ণু ছিল।