তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে নিকারাগুয়া
ছবি: রয়টার্স

তাইওয়ান ইস্যুতে নিজেদের কূটনৈতিক অবস্থান পরিবর্তন করল নিকারাগুয়া। দেশটির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে লাতিন আমেরিকার এই দেশ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মনকাডা এই ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, চীনের একটি সরকার সমগ্র দেশের প্রতিনিধিত্ব করছে। তাইওয়ান এই চীনের অবিচ্ছেদ্য অংশ।

নিকারাগুয়ায় এখন ক্ষমতায় আছে ডেনিয়েল ওর্তেগার সরকার। এই সরকারও বিশ্বাস করে, চীনের একটি সরকারই বৈধ সরকার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিকারাগুয়ার এই অবস্থানের কথা নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানায়নি চীন।
নিজেদের আলাদা রাষ্ট্র মনে করে তাইওয়ান। তবে তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। তারা এ–ও বলে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এই অংশকে চীনের সঙ্গে একীভূত করা হবে।

তাইওয়ানের সঙ্গে লাতিন আমেরিকার দেশগুলোর যে সম্পর্ক, তা ভাঙতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে চীন। এই চেষ্টায় খানিকটা সফলও হয়েছে তারা। সাম্প্রতিক বছরগুলোয় তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে পানামা, এল সালভাদর ও ডোমিনিকান রিপাবলিক। তাইওয়ানের সঙ্গে নিকারাগুয়ার সম্পর্ক বেশ ভালো ছিল। স্বাস্থ্য ও কৃষি ইস্যুতে দুই পক্ষ একসঙ্গে কাজও করেছে। কিন্তু গতকালের ঘোষণার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে।

তাইওয়ান ইস্যুতে ডেনিয়েল ওর্তেগাও তাঁর অবস্থান বদল করেছেন। ২০০৭ সালে নিকারাগুয়ায় ক্ষমতায় ফেরার পর বামপন্থী গেরিলা নেতা ওর্তেগা ঘোষণা দিয়েছিলেন, তিনি একই সঙ্গে চীন ও তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উন্নত করবেন।