দুই কানাডীয় নাগরিকের বিচার শুরু করেনি চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার ব্যবসায়ী স্প্যাভোর ও সাবেক কূটনীতিবিদ কোভরিগকে আটক করেছে চীন
ছবি : এএফপি

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক দুই কানাডীয় নাগরিকের এখনো বিচারকাজ শুরু হয়নি। অবশ্য এর আগে তাঁদের বিচার কার্যক্রম শুরু হয়েছে, এমন খবর প্রচার করা হয়েছিল। বিবিসিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, মাইকেল কোভরিগ ও মাইকেল স্প্যাভোরের বিচার এখনো শুরু করেনি চীন।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, দুই কানাডীয় নাগরিককে চিহ্নিত ও অভিযুক্ত করা হয়েছে।
এরপর অটোয়ার পক্ষ থেকে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই দুজনের মামলা এখনো আদালতে ওঠেনি, তা নিশ্চিত হয়েছে অটোয়া।

অটোয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, একজন চীনা মুখপাত্রের একটি ভুল চরিত্রায়ণের কারণে এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

স্প্যাভোর ও কোভরিগ ২০১৮ সালে গ্রেপ্তার হন এবং গত জুনে তাঁদের অভিযুক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের জ্যেষ্ঠ নির্বাহী মেং ওয়ানঝোকে কানাডা আটকের পরপরই মাইকেল কোভরিগ ও মাইকেল স্প্যাভোরকে আটক করে চীন। কানাডা এই গ্রেপ্তারকে বিচারবহির্ভূত আখ্যা দেয়। আর হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে চীন।

বর্তমানে মেং কানাডার ভ্যাংকুভারে তাঁর বাড়িতে গৃহবন্দী রয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রত্যাপর্ণের মামলা লড়ছেন। তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা নিয়ে মার্কিন ব্যাংকে মিথ্যা তথ্যের অভিযোগ আনা হয়েছে। মেং হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে এবং প্রতিষ্ঠানটির সিএফও।

এদিকে সাবেক কূটনীতিবিদ কোভরিগ ও ব্যবসায়ী স্প্যাভোরকে আটকের পর থেকে বাইরের কোনো আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি তাঁদের পরিবার ও কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ সীমিত রাখা হয়েছিল।

মেংকে গ্রেপ্তারের পর থেকে চীন ও কানাডার মধ্যে কূটনৈতিক উদ্বেগ বেড়েছে। কানাডা অবশ্য কয়েকবার বলেছে, তাদের দেশের নাগরিকদের আটক করার সঙ্গে মেংকে গ্রেপ্তারের সম্পর্ক নেই।