‘নিখোঁজ’ চীনা টেনিস তারকাকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, নতুন ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিখোঁজ’ চীনা টেনিস তারকাকে নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, যুক্তরাজ্য
ছবি: রয়টার্স

সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর থেকে ‘নিখোঁজ’ চীনা টেনিস তারকা পেং শুয়াইকে নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। পেং শুয়াই এখন কোথায় এবং কেমন আছেন, তার যাচাইযোগ্য প্রমাণ দেখাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে চীনের প্রতি একই আহ্বান জানায়।

এএফপির খবরে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়ে বলেছে, ‘পেং শুয়াইয়ের নিখোঁজের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। জরুরি ভিত্তিতে তাঁর নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে যাচাইযোগ্য প্রমাণ দেওয়া উচিত বেইজিংয়ের। কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়ার ভয় ছাড়াই প্রত্যেককে কথা বলার অধিকার দেওয়া উচিত। বিশ্বের যেকোনো স্থানে যৌন নিপীড়নের যেসব অভিযোগ ওঠে, তার সবগুলোর তদন্ত হওয়া উচিত।’

টেনিস ক্যারিয়ারে দুবার উইমেন ডাবলসে গ্র্যান্ড স্লাম জেতা পেং শুয়াই নভেম্বরের শুরুতে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে জানান, সাবেক উপপ্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ঝ্যাং গাওলি তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করেন।

চীনের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের বিরুদ্ধে প্রথমবার অভিযোগ ওঠার পরপরই চীনে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়। এরপর পেং শুয়াইকে জনসমক্ষে দেখা কিংবা কথাও শোনা যায়নি। তাঁর অবস্থান নিয়ে চীনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

পেংয়ের নতুন ভিডিও প্রকাশ

এদিকে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম গতকাল শনিবার একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখানো হচ্ছে যে পেং শুয়াই হাসছেন এবং তিনি ভালো আছেন। সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ তোলার পর থেকেই তাঁর অবস্থান সম্পর্কে তথ্যের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ার মুখে এই ভিডিও প্রকাশ করা হলো।

আরও পড়ুন

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমসের সম্পাদক হু জিজিনের টুইটারে পোস্ট করা দুটি ভিডিওর একটিতে ৩৫ বছর বয়সী একজন কোট, সুতায় বোনা টুপি ও মুখে মাস্ক পরে একটি রেস্তোরাঁয় হাঁটছেন বলে মনে হচ্ছে। অন্য ভিডিও ফুটেজে দুবারের গ্র্যান্ড স্লাম ডাবলস চ্যাম্পিয়ন পেং শুয়াইকে মাস্ক ছাড়া একটি টেবিলে বসে খাবার নিয়ে লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তবে ভিডিও দুটির সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন