ফেব্রুয়ারির আগেই কয়েক লাখ মানুষকে টিকা দিতে চায় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের টিকা
ছবি: রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ে করোনার টিকা নিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে কয়েক হাজার মানুষ। ফেব্রুয়ারি মাসে চীনা নববর্ষ উপলক্ষে মানুষের ভ্রমণ বেড়ে যাবে। এর আগেই চীন কয়েক লাখ মানুষকে টিকা দিতে চায়।

চীনের সরকারি গণমাধ্যমে স্থানীয় সময় গতকাল রোববারের খবরে জানানো হয়, গত কয়েক দিনে বেইজিংয়ে ৭৩ হাজারের বেশি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে শ্রমিক ও বাসচালক রয়েছেন।

এএফপির আজ সোমবারের খবরে জানা যায়, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে টিকা নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে মানুষ। টিকা প্রয়োগের আগে মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, শরীরচর্চা কেন্দ্র ও ফাঁকা কারখানাগুলো টিকা প্রয়োগের কাজে ব্যবহার করা হচ্ছে।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে নতুন বছর শুরুর আগেই কয়েক লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে চীন। বেইজিং কর্তৃপক্ষ ৪৫ লাখ টিকার ডোজ জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সরবরাহ করেছে। স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মীদের এই টিকা দেওয়া হবে।

চীন উচ্চ ঝুঁকিতে থাকা মানুষ, বিদেশ থেকে আসা এবং বন্দরের কর্মীদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। স্থানীয় পর্যায়ে লকডাউন ও গণহারে পরীক্ষা শুরু করে চীন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। তবে পরে বেইজিংয়ে আবার কয়েকজন করোনায় সংক্রমিত হন।