লকডাউন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে চীনা বিশেষজ্ঞরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা নিয়ন্ত্রণে ব্যাপক পরীক্ষা চালাচ্ছে চীন।
ছবি: এএফপি

এয়ার চায়না ফ্লাইট সিএ ৯১০ নানজিং শহরের মাটি ছুঁয়েছিল গত ১০ জুলাই। যাত্রীদের মধ্যে একজন এসেছিলেন মস্কো থেকে। করোনাভাইরাসের ডেলটা ধরনে সংক্রমিত ছিলেন তিনি। যাত্রীরা নেমে যাওয়ার পরে উড়োজাহাজটি পরিষ্কারের কাজ চলে। চীনের কর্মকর্তাদের ভাষ্য, পরিচ্ছন্নতাকর্মীরা উড়োজাহাজ থেকে নামার পর তাঁদের মাধ্যমেই ডেলটা ধরন সংক্রমিত হয় অন্যদের মধ্যে। আর এই ডেলটা ধরনের সংক্রমণেই নতুন বিপদ দেখা দিয়েছে চীনে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, নতুন এই বিপদ সামলাতে বিশেষজ্ঞরা নানা মত দিয়েছেন। চীনের শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ঝাং ওয়েনহং টিকাদানের হার বাড়িয়ে সংক্রমিত এলাকায় লকডাউন তুলে দেওয়ার পক্ষে। অন্যদিকে, কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্ব স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ ফেলো অধ্যাপক ইয়ানঝং হুয়াং মনে করেন, লকডাউন না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

চীনের সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী জানা যায়, গত কয়েক সপ্তাহে দেশটির কমপক্ষে ১৬টি প্রদেশ ও মিউনিসিপ্যালিটিতে ডেলটা ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের বেশির ভাগই নানজিংয়ে আসা–যাওয়া করেছেন। তবে বেইজিং, সাংহাই ও উহানের মতো বড় শহরগুলোয় ডেলটার সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাসিন্দারা বিচলিত হয়ে পড়েন।

ডেলটা নিয়ে উদ্বেগে চীনারা

করোনার নতুন ধাক্কা সামলাতে শুরু থেকেই নড়েচড়ে বসেছে চীন। লাখ লাখ মানুষের করোনা পরীক্ষা শুরু করেছে। অনেক ক্ষেত্রে একজনকে একাধিকবার পরীক্ষা করা হচ্ছে। যেসব শহরে সংক্রমণ বেড়েছে, সেসব শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। বেশ কিছু এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা চীনে করোনা নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথা বলছেন।

যেভাবে ডেলটা ছড়াল চীনে

চীনা বিশেষজ্ঞরা বলছেন, নানজিংয়ের আগে গুয়াংডংয়ে করোনার ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়েছিল। এ ছাড়া রাশিয়া ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতেও ডেলটার প্রাদুর্ভাব ছড়িয়েছে। মহামারি শুরুর দিকে চীনারা অনেকেই মাস্ক ব্যবহার করত। তবে সংক্রমণ কমার পর থেকে মাস্কের ব্যবহার কমেছে। চীনে জনসমাগমও বেড়ে গেছে।

সাংহাইতে কয়েকজন পথচারী। করোনা প্রতিরোধে মাস্ক পরেছেন সবাই।
ছবি: রয়টার্স

জনগণের এসব উদাসীনতার কারণে দেশটিতে সংক্রমণ আবার বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। হুনান প্রদেশের পর্যটন এলাকা ঝাংজিয়াজিয়েতে একটি থিয়েটারে প্রায় দুই হাজার মানুষের সমাগম ঘটে। চীনে করোনায় সংক্রমণের পেছনে এটি একটি কারণ হিসেবে মনে করা হচ্ছে। চীনের সরকারি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নানজিং বিমানবন্দরে আসা ওই ফ্লাইটের যাত্রীর কাছ থেকেই ডেলটার সংক্রমণ ছড়িয়েছে। ওই বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীরা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেননি, বলছে গণমাধ্যমগুলো।

বিমানবন্দরের কর্মকর্তারা স্বীকার করেছেন, এর আগে করোনায় সংক্রমিত যাত্রী আসায় বেশ কয়েকটি উড়োজাহাজকে বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি। তবে করোনায় সংক্রমিত যাত্রী থাকা সত্ত্বেও ওই উড়োজাহাজকে নামার অনুমতি দেওয়া হয়েছিল।

চীনে টিকা কর্মসূচি

নানজিংয়ে দুই ডোজ টিকা নেওয়ার পরও অনেকে করোনায় সংক্রমিত হয়েছেন। এতে চীনের টিকার কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ নিয়ে জনগণকে সচেতন করেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে। চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাও ইমিং বলেছেন, টিকা করোনার সব ধরন থেকেই সুরক্ষা দিতে পারে।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, চীনে ১৭০ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে ঠিক কতজন পুরো ডোজ টিকা পেয়েছেন, তা জানানো হয়নি।

যেভাবে পরিস্থিতি সামলানোর পরিকল্পনা চীনের

বিশেষজ্ঞরা বলছেন, গণহারে টিকা দেওয়ার পর অন্য দেশগুলো যেভাবে বিধিনিষেধ তুলে দিয়েছে, চীন সে পথে যাবে বলে মনে হয় না। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্ব স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ ফেলো অধ্যাপক ইয়ানঝং হুয়াং বিবিসিকে জানান, এতে মনে হয় নিজেদের বানানো টিকার ওপর চীন সরকারের আস্থার অভাব রয়েছে।
হংকং বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট জিন ডংইয়ান বলেন, চীনের সরকার ঢিলেঢালা অবস্থা থেকে দ্রুতই কঠোর লকডাউনে চলে যায়।

চীনের দৈনিক ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটি যুক্তরাজ্যের মতো সবকিছু খুলে দেওয়ার পক্ষপাতী নয়। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, এতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এক ব্যক্তির করোনা পরীক্ষা করা হচ্ছে।
ছবি: এএফপি

চীনের শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ঝাং ওয়েনহং বলেন, ‘নতুন করে আবার সংক্রমণ ছড়িয়ে পড়ায় আমরা বুঝতে পারছি, করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি চলে যায়নি।’ তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ভবিষ্যতে সব সময়ই ঝুঁকি রয়েছে। তবে চীন সরকারের উচিত করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্ক কাটিয়ে দেশের জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে উৎসাহিত করা। চীনের সরকার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ নীতি নির্ধারণ করেছে। এ নীতি অনুসারে সংক্রমণের চেয়ে মৃত্যুহার কমানোর ওপর জোর দিয়েছে তারা।
অধ্যাপক ইয়ানঝং হুয়াং বলেছেন, উহানে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে। সে সময় স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সব বিধিনিষেধ আবার তুলে দিলে চীনের স্বাস্থ্যব্যবস্থা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে গ্রামাঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ করা কঠিন হয়ে পড়বে।

উহানে মৃত্যুহার কম থাকায় এবং অর্থনীতি গতিশীল থাকায় চীনের অনেকে করোনাভাইরাসের সংক্রমণের কারণে বদলে যাওয়া পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না।


ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের বায়োএথিকস বিষয়ের অধ্যাপক ন্যান্সি জেকার বলেছেন, চীনে করোনায় সংক্রমিত এলাকায় লকডাউনের কারণে দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে। জনগণের মানসিক স্বাস্থ্যের ওপরও দীর্ঘ মেয়াদে প্রভাব পড়ছে। তিনি লকডাউন দীর্ঘমেয়াদি করার পক্ষে নন।

অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সেসব দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্য দেশগুলো যেখানে বিধিনিষেধ তুলে দিচ্ছে, সেখানে চীনে দীর্ঘমেয়াদি লকডাউন চলার বিরোধিতা করেছেন ইয়ানঝং হুয়াং। তাঁর মতে, এতে চীন পিছিয়ে পড়বে।

অধ্যাপক জেকারের মতে, করোনায় মৃত্যুহার স্থিতিশীল রাখতে পারলে চীনকে ভাইরাসের সঙ্গেই বেঁচে থাকা শিখতে হবে।

চীনের হুবেই প্রদেশের উহান শহরের সব বাসিন্দার করোনা পরীক্ষা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মধ্যাঞ্চলের এই শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১ কোটি ১০ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা শেষ করেছে। সেখানে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়।

রয়টার্সের তথ্যমতে, চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮২৬ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।