‘শূন্য করোনা’ নীতির অভিঘাত চীনের উৎপাদন খাতে
চীনে করোনার কঠোর বিধিনিষেধের কারণে কারখানাগুলো অস্থায়ীভাবে বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদন খাতে। প্রায় দুই বছরের মধ্যে গত জানুয়ারিতে দেশটিতে পণ্য উৎপাদন ছিল সর্বনিম্ন। খবর গার্ডিয়ানের।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির মাসভিত্তিক হিসাবে দেখা যায়, মহামারি মোকাবিলায় বেইজিংয়ের ‘শূন্য করোনা’ নীতি দেশটির উৎপাদন খাতের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।
উৎপাদন খাতের গতিপ্রকৃতি পরিমাপের কক্সিন/মার্কিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীনের সূচক ছিল ৫০ দশমিক ৯ শতাংশ। গত জানুয়ারিতে তা কমে ৪৯ দশমিক ১ শতাংশ দাঁড়ায়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, উৎপাদন খাতের এই নেতিবাচক চিত্র চীনের নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে। চীনা অর্থনীতির ঝিমুনি ভাব কাটানোর জন্য সহায়তা বাড়াতে দেশটির নীতিনির্ধারকদের ওপর একধরনের চাপ তৈরি হয়েছে।
সূচকে অবস্থান ৫০-এর নিচে নামার অর্থ হলো, উৎপাদন খাত সংকুচিত হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারির পর সূচকে এটা (৪৯ দশমিক ১ শতাংশ) ছিল চীনের সবচেয়ে দুর্বল অবস্থান।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। খুব দ্রুত চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন করোনার প্রথম ঢেউ ঠেকাতে চীনে ব্যাপকভাবে বিধিনিষেধ আরোপ করা হয়। এ কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশটি উৎপাদন খাত দুর্বল হয়ে পড়েছিল।
কক্সিন ইনসাইট গ্রুপের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ওয়াং ঝে বলেন, গত মাসে চীনে চীনের অনেক এলাকায় করোনার সংক্রমণ হঠাৎ করে অনেক বেড়ে যায়। যার প্রভাব অর্থনীতির ওপর পড়েছে। ফলে উৎপাদন নিম্নগামী হয়েছে।
ওয়াং ঝে বলেন, এ সময় উৎপাদন খাতে চাহিদা ও জোগান উভয়ই কমেছে। নতুন করে সংক্রমণ বাড়ায় বেশ কিছু অঞ্চলে করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। যার প্রভাব পণ্য উৎপাদন ও বিক্রিতে পড়েছে।
ওয়াং ঝে আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার অতি সংক্রামক অমিক্রন ধরনের বিস্তারের প্রভাব চীনের পণ্য রপ্তানিতে পড়েছে। গত জানুয়ারিতে পণ্য রপ্তানির জন্য চীন যে ক্রয়াদেশ পায়, তা ছিল ২০ মাসের মধ্যে সর্বনিম্ন।
অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান প্যানথিয়ন ম্যাক্রোর প্রধান অর্থনীতিবিদ ক্রেইগ বোথাম বলেন, গত জানুয়ারিতে চীনের উৎপাদন খাতের এমন দুর্বল দশার প্রধান কারণ করোনার ডেলটা ও অমিক্রন ধরনের সংমিশ্রণে সংক্রমণ বেড়ে যাওয়া। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনা চন্দ্রবর্ষের ছুটিতে কারখানা বন্ধ থাকা।