হংকংয়ে গণতন্ত্রকামী অধিকারকর্মী গ্রেপ্তার
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রকামী অধিকারকর্মী চৌ হাং তুংকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের ৩২তম বর্ষপূর্তির আয়োজন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, চীনের গণতন্ত্রের জন্য অন্যতম আন্দোলন হলো ১৯৮৯ সালের তিয়ানানমেন স্কয়ারের সেই আন্দোলন। ওই বছর ৪ জুনের বিক্ষোভে ঠিক কতজন মারা গিয়েছিল তা এখনো স্পষ্ট নয়। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুসারে, এই বিক্ষোভে হাজারো মানুষ প্রাণ হারিয়েছিল। নিহত গণতন্ত্রকামী ওই বিক্ষোভকারীদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল শুক্রবার। হংকং অ্যালায়েন্স প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করে। এই অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান চৌ হাং তুং।
পুলিশ বলেছে, সেখানে অনুমোদনহীন অনুষ্ঠান আয়োজনের অভিযোগে চৌ হাং তুংকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মস্থলের ঠিক বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনের কেন্দ্রীয় সরকার কখনোই এই বিক্ষোভের অনুমোদন দেয় না। এবারও স্মরণ অনুষ্ঠানের অনুমোদন দেওয়া হয়নি। করোনার অজুহাত দিয়ে দুই বছর ধরে এমনটা করছে চীন।
হংকংয়ে ভিক্টোরিয়া পার্কে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ আগে থেকেই এই পার্ক বন্ধ করে দিয়েছিল। এ জন্য সেখানে হাজারো পুলিশ মোতায়েন করা হয়েছিল।
হংকং ছাড়াও ম্যাকাওয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিবছর। কিন্তু ম্যাকাও কর্তৃপক্ষও এবার এ অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
চৌ হাং তুং গ্রেপ্তার হওয়ার আগে এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, যেখানেই থাকুন মোমবাতি কিংবা আপনার ফোন, বৈদ্যুতিক আলো জ্বালুন। তাঁর ডাকে সাড়া দিয়ে স্থানীয় সময় রাত আটটার দিকে অনেকেই আলো জ্বেলেছেন। এ ছাড়া মং কক জেলাসহ বিভিন্ন এলাকায় যাঁরা জড়ো হয়েছিলেন, তাঁদের তাড়িয়ে দিয়েছে পুলিশ।